সোনা ছিনতাই: আরও তিন বার উদ্ধার, গ্রেপ্তার ২
সবমিলিয়ে ১৩টি বার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ১৪টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় এক স্বর্ণ দোকানিসহ দুইজনকে গ্রেপ্তার করে আরও তিনটি বার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নগরীর বাকলিয়া থানার সুবর্ণ আবাসিক এলাকায় একটি স্বর্ণের দোকানে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব বার উদ্ধার করা হয়। পাশাপাশি বার গলিয়ে তৈরি করা অলঙ্কার, গলানো স্বর্ণ এবং বিক্রির ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার দুইজন হলেন- পশ্চিম বাকলিয়া এলাকার শীফা জুয়েলার্সের মালিক মো. আলমগীর (৫২) ও কর্মচারি মো. সরোয়ার (৩২)।
কোতয়ালী থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৮ অগাস্ট গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তারা সোনার বারের বিষয়ে তথ্য দেয়। এ তথ্যে পশ্চিম বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি বারসহ দুইজনকে ধরা হয়।
পাশাপাশি কিছু বার গলিয়ে তৈরি করা অলঙ্কার ও গলানোসহ ৪০ ভরি স্বর্ণ ও বিক্রির ১৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গত ৬ অগাস্ট ভোরে হাজির গলির মুখ থেকে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৪টি সোনার বার ছিনতাই করে চার ব্যক্তি।
এ ঘটনায় কোতোয়ালী থানায় অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে ছিনতাইয়ের পরিকল্পনাকারী হিসেবে জয়ন্ত বণিক ও প্রবীর বণিক নামে দুই সহোদরের নাম জানতে পারে পুলিশ, যাদের মধ্যে জয়ন্ত নিজেও স্বর্ণ ব্যাবসায়ী।
গত ৮ অগাস্ট জয়ন্ত, প্রবীর, আব্দুর রউফসহ চারজনকে গ্রেপ্তারের পর জয়ন্তের বাসা থেকে ছয়টি স্বর্ণের বার ও বিক্রির ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার এসআই মোমিনুল হাসান জানান, ছিনতাইয়ের পর রউফ সাতটি স্বর্ণের বার আলমগীরকে বিক্রি করতে দিয়েছিলেন। এর মধ্যে আলমগীর চারটি বার গলিয়ে কিছু স্বর্ণারঙ্কার তৈরি করে এবং কিছু গলানো স্বর্ণ বিক্রি করে।
ছিনতাই করা ১৪টির মধ্যে বৃহস্পতিবার উদ্ধার করা তিনটি বারও স্বর্ণসহ মোট ১৩টি বার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
