২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তালাবন্ধ ঘরে লাশ, সঙ্গে থাকা নারীকে খুঁজছে পুলিশ

লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ নিয়ে নাম ঠিকানা জানতে পারে পুলিশ।

চট্টগ্রামে তালাবন্ধ ঘরে লাশ, সঙ্গে থাকা নারীকে খুঁজছে পুলিশ

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 09:09 PM

Updated : 02 Jul 2023, 09:09 PM

চট্টগ্রাম শহরে তালাবন্ধ এক বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

আকরাম উল্লাহ নামের ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ছিলেন কভার্ড ভ্যানের চালক, তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। শনিবার রাতে নগরীর ইপিজেডের নিউমুরিংয়ের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে গত ১ জুন বাসাটি ভাড়া নিয়েছিলেন আকরাম। শুক্রবার তারা বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল। শনিবার নতুন ভাড়াটিয়া আসার পরও বাসা বুঝিয়ে না দেওয়ায় বাড়ির কেয়ারটেকার প্রতিবেশীদের নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে লাশ দেখে পুলিশকে খবর দেয়।

ওসি জানান, বাসা ভাড়া নেওয়ার সময় তারা কোনো কাগজপত্র জমা না দেওয়ায় অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে সিআইডি ফরেনসিক টিমের সদস্যরা আঙুলের ছাপ মিলিয়ে লাশের নাম ঠিকানা শনাক্ত করেন।

“আকরামের সাথে বাসায় যে নারী উঠেছিলেন, তার খোঁজ শুরু করেছে পুলিশ। তাকে আটক করা গেলে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান জানান, ৩০ জুন আকরামরা বাসা ছেড়ে দেওয়ার কথা থাকায় বাসাটি অন্য একজনকে ভাড়া দেওয়া হয়েছিল। নতুন ভাড়াটিয়া শনিবার সকালে এসে বাসায় উঠতে পারেনি।

“বাসায় থাকা নারী কেয়ারটেকারকে জানিয়েছিল, তার স্বামী বাসায় ফিরলে তারা চলে যাবে। বিকালে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন। বিকালে নতুন ভাড়াটিয়া এসে বাসায় তালা দেখতে পেয়ে কেয়ারটেকার প্রতিবেশীদের নিয়ে বাসার তালা ভেঙে লাশ দেখতে পান।”

পরিদর্শক নুরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে ‘শ্বাসরোধ’ করে আকরামকে খুন করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি বলেন, লাশের পরিচয় শনাক্ত করে আকরামের পরিবারকে খবর দেওয়া হলে তারা চট্টগ্রাম আসেন। রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আকরামের ছেলে বাদী হয়ে ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেছেন।

পরিদর্শক নুরুজ্জামান বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে আকরাম বিদেশে থাকতেন। দেশে এসে কভার্ড ভ্যান চালানোর কাজ নেন। তবে ওই নারীর বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেনি।