২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

শিশুর ডিএনএ পরীক্ষায় অভিযোগ প্রমাণ হয়। শিশুটির ব্যয়ভার রাষ্ট্রকে বহনের নির্দেশও দিয়েছে আদালত।

চট্টগ্রামে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 08:45 PM

Updated : 08 Jan 2023, 08:45 PM

চট্টগ্রামের জোরারগঞ্জে প্রায় সাত বছর আগে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে রায়ে ওই ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর ব্যয়ভার রাষ্ট্রকে বহনের নির্দেশও দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো. শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করে এ ব্যয় বহন করবে রাষ্ট্র।

রোববার চট্টগ্রাম বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শাহজাহান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিশোরীকে বিয়ে করার কথা দিয়ে ধর্ষণের ঘটনা প্রমাণ হওয়ায় বিচারক এ সাজা দিয়েছেন। এছাড়া তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আসামিকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালে শাহজাহান বিভিন্ন সময়ে ১৩ বছরের ওই কিশোরীকে কয়েকবার ধর্ষণ করেন। পরে কিশোরীর পরিবারের সদস্যরা মামলা করতে গেলে জোরারগঞ্জ থানা মামলা নেয়নি। পরে তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৬ সালের ১৫ মে অভিযোগ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুল জানান, “আদালত অভিযোগ আমলে নিয়ে ঘটনা অনুসন্ধানের জন্য জোরারগঞ্জ থানাকে নির্দেশ দেন। অনুসন্ধানে থানা পুলিশ ঘটনার সত্যতা না পেলে বাদী আদালতে নারাজি দেন। এ সময়ে ধর্ষণের শিকার ওই কিশোরী এক শিশুর জন্ম দেন। আাসামি তার পিতৃত্বও অস্বীকার করেন।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন এবং প্রতিবেদনে ওই শিশু আসামি শাহজাহানের ঔরসজাত বলে প্রমাণ হয়।