২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ১০ উপ নির্বাচন: ভোটাদের কেন্দ্রে আসার আহ্বান নৌকার প্রার্থীর

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে জাগিয়ে তুলতে এ উপ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা বলেছেন নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 08:04 PM

Updated : 14 Jul 2023, 08:04 PM

চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার নগরীর এ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণাকালে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের প্রয়াত নেতা আফছার উদ্দীনের এ আসনে আগামী ৩০ জুলাই ভোট হবে।

তিনি বলেন, “আমার হারা বা জেতা, এটা বড় কথা নয়। এই নির্বাচনকে ঘিরে জড়িয়ে আছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঙালি জাতিসত্তা রক্ষা এবং সকল সম্প্রদায়ের যৌথ মিলনে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়বো। এটাই আমার নির্বাচনী অঙ্গীকার।”

তার প্রচারণায় অংশ নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের দাবি, বিএনপি-জামায়াত যে আন্দোলনের নামে মাঠে নেমেছে, তা জনগণের জন্য নয়। এটিকে স্বাধীনতাবিরোধী শক্তির ‘আস্ফালন’ বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার নাসিরাবাদ রহমান নগর এলাকায় প্রচারণাকালে এমন মন্তব্য করেন।

জনগণকে জাগিয়ে তুলতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা বলেন তিনি। নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “এজন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করব।”

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খয়রাতি মিয়া চৌধুরী, কাউন্সিলর মোরশেদুল আলম।