২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানেল উদ্বোধন: চট্টগ্রামের কয়েকটি সড়কে চলাচলে নিষেধাজ্ঞা

শুক্রবার সকাল ৬টা থেকে পতেঙ্গা সৈকত এলাকায়ও কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনায় জানানো হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 06:29 PM

Updated : 26 Oct 2023, 06:29 PM

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমান বন্দর সড়কসহ কয়েকটি সড়ক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন সড়ক ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেল উদ্বোধন উপলক্ষে বিমান বন্দর টানেল ও সি-বিচ এলাকার সড়কে ভিভিআইপিরা চলাচল করবেন। এ কারণে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া শুক্রবার সকাল ৬টা থেকে পতেঙ্গা সৈকত এলাকায়ও কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনায় জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী শনিবার ভোর ৫টা থেকে সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোনো যানবাহন সি-বিচ বা বিমানবন্দরে যেতে পারবে না। বিমানবন্দরগামী জনসাধারণকে এ সময় সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করতে হবে।

এছাড়া, বিমান বন্দর মোড় অতিক্রম করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় যাতায়াত করা যাবে না।

একই সময়ে ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

এ সড়ক ব্যবহারকারী এবং বন্দরগামী যানবাহনগুলো সিটি গেইট-একে খান-সাগরিকা রোড ক্রসিং-বড়পুল-নিমতলা হয়ে চলাচল করবে।

২৮ অক্টোবর টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান হবে পতেঙ্গা প্রান্তে। এরপর আনোয়ারা প্রান্তে কোরিয়ান ইপিজেডের মাঠে একটি জনসভা হবে।