২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার মালিকদের

“এর প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না। পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ ব্যয় বাড়বে এবং এর চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর পড়বে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:05 PM

Updated : 21 Sep 2026, 11:05 PM

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ আখ্যায়িত করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।

তেলের দাম বাড়ায় পণ্য পরিবহন ব্যয় যে অনিবার্যভাবে বাড়বে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম যে আরও বেড়ে যাবে, সে কথা মনে করিয়ে দিয়েছে সংগঠনটি।

সোমবার রাতে সংগঠনের মহাসচিব চৌধুরী জাফর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

চৌধুরী জাফর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মনে করি, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুধু জ্বালানি খাতের হিসাব নয়; পণ্য পরিবহন, শিল্প-বাণিজ্য, বাজারমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর সামগ্রিক প্রভাব বিবেচনা করা অত্যন্ত জরুরি।

“এ অবস্থায় বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জ্বালানি তেলের বর্তমান মূল্য অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দেশের পণ্য পরিবহন খাতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভারের পরিচালন ব্যয়ের বড় একটি অংশ জ্বালানি তেলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে জ্বালানির দাম বাড়লে পণ্য পরিবহন ব্যয়ও অনিবার্যভাবে বাড়বে।

“এর প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না। পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ ব্যয় বাড়বে এবং এর চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর পড়বে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে এবং দেশের আপামর জনগণকে উচ্চতর জীবনযাত্রার ব্যয় বহন করতে হতে পারে।”

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন দরে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।

তাতে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে সরকারকে পরিবহন মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করে যৌক্তিক পরিবহন ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে পরিবহন খাতের ওপর বিদ্যমান কর, ফি ও অন্যান্য ব্যয়ের বোঝা কমানো এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

দেশের অর্থনীতি ও জনস্বার্থে পণ্য পরিবহনব্যবস্থা সচল ও স্থিতিশীল রাখতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেছে কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার মালিকদের সংগঠনটি।