সরকার গণতন্ত্রকে একটি ঘরে বন্দি করেছে: শাহাদাত
চট্টগ্রামে ২৪ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত গণমিছিল পুরাতন রেল স্টেশন চত্বরে হবে।
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে একটি ঘরে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।
বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির কেন্দ্র ঘোষিত শনিবারের গণমিছিল সফল করতে এই সভার আয়োজন করা হয়।
শাহাদাত বলেন, “আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে একটি ঘরে বন্দি করে রেখেছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই।
“বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ তুলে ধরেছে বিএনপি। আজকে দেশের মানুষ বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার জন্য আন্দোলন করছে।”
আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত গণমিছিল পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে বলেও জানান শাহাদাত। তাতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।
শাহাদাত বলেন, “আওয়ামী লীগ এখন প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, এমনকী গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। ভয়ঙ্কর আইন করে, ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশের জনগণকে দাবিয়ে রাখছে। কিন্তু এসব করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।
“একটি নিরপেক্ষ সরকারের অধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতেই হবে। যদি নিরপেক্ষ সরকার না থাকে, বিএনপি সে নির্বাচন মেনে নেবে না। নির্বাচন নিয়ে নতুন কোন তালবাহানা জনগণ মানবে না।”
সভায় কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, “আওয়ামী লীগ এখন চেষ্টা করছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে ধরনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে। এজন্য তারা ইভিএম চালু করেছে। এই ইভিএম তাদের ভোট চুরির আরেকটা বড় হাতিয়ার। কী করে ভোট না পেয়েও নিজেকে নির্বাচিত ঘোষণা করা যায়, সেই ইভিএম তারা করছে।”
নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, “আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করছে। কারণ আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা জানে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচনী ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে। জনগণ এখন ভোটকেন্দ্র বিমুখ হয়ে গেছে।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, “সমগ্র দেশ এখন আওয়ামী দুঃশাসনের লীলাভূমিতে পরিণত হয়েছে। বর্তমান সরকার কেবল বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীর ওপরই জুলম নির্যাতন চালাচ্ছে না, তারা গণমাধ্যমের সাংবাদিকদেরকেও সত্য প্রকাশের কারণে নিষ্ঠুর নির্যাতন করছে।”
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্মআহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. আলী, মাহবুব আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহিলা দলের মনোয়ারা বেগম মনি ও জেলী চৌধুরী।
