চট্টগ্রামে গুদাম থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৪
এদের মধ্যে তিনজন পেশাদার চোর চক্রের সদস্য এবং একজন চোরাই পণ্যের ক্রেতা, যার গাড়ির পার্টসের দোকান রয়েছে।
চট্টগ্রামে গুদামের দরজা কেটে ৩০ লাখ টাকার বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বন্দর ও ডবলমুরিং এলাকা থেকে গত বুধবার তাদের গ্রেপ্তারের পর ১০ লাখ টাকার মালামাল উদ্ধারের কথা জানান বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা।
গ্রেপ্তারদের মধ্যে মো. আবুল হোসেন (৩০), ওমর ফারুক সাগর (২৬) ও আনোয়ার হোসেন (৪০) চুরির সঙ্গে জড়িত ছিলেন এবং আব্দুর রহমান (২৮) চোরাই মালামালের ক্রেতা বলে তিনি জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর মুনির নগর চৌচালা এলাকায় এসএস অটোমোবাইলস নামে একটি দোকানের গুদাম থেকে লোহার দরজা কেটে গাড়ির বিভিন্ন ধরনের ৪০ কার্টন মালামাল চুরির অভিযোগে বুধবার থানায় একটি মামলা হয়। এতে বাদী চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে দাবি করেন।
অভিযোগের পর বুধবার পুলিশ অভিযানে নেমে চৌচালা এমএ আজিজ মসজিদ এলাকা থেকে আনোয়ারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী আনন্দবাজার স্কুলের কাছের একটি বাসা থেকে সাগর ও আবুল হোসেনকে আটক করা হয়। তারা এসব পণ্য দেওয়ান হাট এলাকার গাড়ির পার্টস বিক্রেতা আব্দুর রহমানের কাছে বিক্রির কথা জানায়। পরে রহমানের দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করার কথা জানান ওসি।
তিনি জানান, পেশাদার চোর চক্রের এ তিন সদস্য বেশ কিছুদিন ধরে গুদাম থেকে মালামাল চুরির জন্য রেকি করেছিলেন। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করার পর তারা গুদামে গিয়ে লোহার দরজা কেটে চুরি করেন।
বাকি মালামাল উদ্ধারের জন্য তাদের রিমান্ডে আনার আবেদন করা হবে বলে জানান ওসি।
