নির্বাচন পর্যন্ত রাজপথে আছি: নাছির
“জনগণ এবং রাজপথই আওয়ামী লীগের মূল ঠিকানা,” বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই নেতা।
বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, “বিএনপি বুঝে গেছে যে নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতায় যেতে পারবে না। তাদের এটা বোঝা উচিত- সাংবিধানিক পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিকল্প নেই।
‘‘নির্বাচন অবশ্যই হবে। এবং তা সাংবিধানিকভাবে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। এর বাইরে বিএনপির ক্ষমতা দখলের স্বপ্নটির অর্থই হল দেশে আরেকটি ১৫ অগাস্টের মত ট্র্যাজেডি ঘটানো, যা এখন আর কোনোভাবেই সম্ভব নয়।”
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
সাবেক সিটি মেয়র নাছির বলেন, “আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেইনি। আমরা শান্তি ও শৃঙ্খলা চাই। জনগণের জানমালের নিরাপত্তা চাই।
“এই নিরাপত্তা বিঘ্নিত হলে কোন অপশক্তিকে রাজপথে নামতে দিতে পারি না। আমরা আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে আছি রাজপথেই থাকব। কারণ আওয়ামী লীগের ঠিকানা শুধুমাত্র ক্ষমতা নয়, জনগণ এবং রাজপথেই আওয়ামী লীগের মূল ঠিকানা।”
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আজকে যারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অরাজকতা ও নাশকতার পথ বেছে নিয়েছে তারা ক্ষমতায় এসেছিল অসাংবিধানিক ও অবৈধপথে।
‘‘তারা কখনো সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ ভিত্তিক রাজনীতিক দল ছিল না। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করার পর দল গঠন করে জনগণের উপর চেপে বসে ছিল এবং তাদের নিজের স্বার্থে সংবিধানকে কাটাছেড়া করেছে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।
এদিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট ও জিইসি মোড়ে মহানগর যুবলীগ শান্তি সমাবেশের আয়োজন করে।
