২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীকে মারধর: চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থী বহিষ্কার

রমজানে আর ক্লাস না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষার্থীদের একাংশ। সেখান থেকেই বিরোধের সূত্রপাত।

সহপাঠীকে মারধর: চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 09:52 PM

Updated : 06 Apr 2023, 09:52 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে সহপাঠীকে মারধরের ঘটনায় এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় মো. জাবেদুল ইসলাম নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।

তিনি বলেন, “সহপাঠীকে আঘাত করায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবেদুল ইসলামকে এক বছরের জন্য শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

“পাশাপাশি অটো ভ্যাকেশন নেওয়া শিক্ষার্থীদের সোমবারের মধ্যে ক্লাসে ফিরতে বলা হয়েছে। যারা ক্লাসে ফিরবে না, তাদের আগামী ৬ মাসের জন্য পরীক্ষা দিতে দেওয়া হবে না।”

মূলত অটো ভ্যাকেশন (বিনা অনুমতিতে ক্লাস না করা) নিয়ে বিরোধের জেরেই সহপাঠী ইশতিয়াক রহমানকে মারধর করেছিলেন মো. জাবেদুল ইসলাম।

রমজানে আর ক্লাস করবেন না এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একাংশ। এরপর কলেজ অধ্যক্ষ সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে নোটিস দেন।

পরে ‍বুধবার ইশতিয়াক রহমানসহ কয়েকজন শিক্ষার্থী ক্লাসে অংশ নেন। এরপর বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির জেরে ইশতিয়াককে মারধর করেন জাবেদুল।

চট্টগ্রাম ছাত্রলীগের রাজনীতিতে জাবেদুল সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।