চট্টগ্রামে রাতে রাস্তার পাশে রাখা বাসে আগুন
এর আগে সকালে আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছিল।
বিএনপি-জামায়েতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন শেষে রাতে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে বায়েজিদ বোস্তামী-অক্সিজেন সড়কে র্যাংগস মোটরসের বিপরীতে রাখা বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসটির আগুন নেভায় বলে জানান তিনি।
এর আগে অবরোধের মধ্যেই বিএনপির ডাকা হরতালের প্রথম প্রহরে নগরীর পতেঙ্গা ধুমপাড়া এলাকায় পোশাক শ্রমিক বহনকারী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছিল, বাসটি রেখে চালক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সিএনজি অটোরিকশা করে এসে দুই যুবক বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর মহাসমাবেশ পণ্ড হলে প্রথমে হরতাল এবং পরে তিন দিনের
অবরোধ ডাকে বিএনপি। জামায়াত ইসলামীও একই কর্মসূচি পালন করে।
এদিকে গত ২ নভেম্বর ঢাকার গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে চট্টগ্রামে রোববারও হরতাল ডাকে চট্টগ্রাম বিএনপি।
