ষড়যন্ত্রকারীরা থেমে নেই: নাছির
“বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্ট লাঘবে আওয়ামী লীগ সচেষ্ট,” বলেন এ আওয়ামী লীগ নেতা।
দেশকে অস্থিতিশীল করতে ‘কুচক্রী মহল’ আরেকটি ওয়ান-ইলেভেন রচনা করতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, “দেশকে যারা অস্থির করে আরেকটি ওয়ান-ইলেভেনের স্বপ্ন রচনা করতে চায়, তাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন জনৈক সুদখোর।”
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে প্রচারণায় তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, “আমরা জানি সাধারণ মানুষ কী চায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘবে আওয়ামী লীগ সচেষ্ট। অথচ জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়।
“আমরা নির্বাচনেও আছি, রাজপথেও আছি। তাই কোনো রকম অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই অরাজকতা চলবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।”
আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, “আমরা আপনাদের ভালোবাসায় ধন্য। আমি আপনাদের সেবা করার সুযোগ পেলে আপনাদের কথা অনুযায়ী চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করব।”
নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার এ সময় উপস্থিত ছিলেন।
