চাঁদাবাজি: নির্মাণ কাজ বন্ধের ঘোষণা চবি ঠিকাদার সমিতির
কে বা কারা চাঁদা চাইছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি সংগঠনটির সভাপতি।
চাঁদাবাজির অভিযোগ তুলে সব ধরনের নির্মাণ কাজ ও মেরামত বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিকাদার সমিতি।
বৃহস্পতিবার এ বিষয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন সংগঠনটির সভাপতি সেকান্দর হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী।
অভিযোগে বলা হয়, “কিছু মাদকাসক্ত অছাত্রদের চাঁদাবাজির বলি হচ্ছেন ঠিকাদারেরা।”
রড, সিমেন্ট, বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব রকমের নির্মাণ সামগ্রী চুরি এবং ঠিকাদার ও ঠিকাদারের লোকজনের গায়ে হাত তোলার অভিযোগও আনা হয়েছে।
উপাচার্যকে দেওয়া চিঠিতে সমিতির নেতারা বলেন, “সবশেষ ২৩ অগাস্ট পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদে এক ঠিকাদারকে গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়।”
চিঠিতে এসব অভিযোগ তোলা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি।
চিঠিতে আরও বলা হয়, অতীতে প্রশাসনকে এই অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগ করায় শ্রমিকদের মারধর করে বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছে চাঁদাবাজেরা। তাই এসব ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদারেরা সকল নির্মাণ-সংস্কারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আমরা সকল প্রকার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।”
তবে কে বা কারা চাঁদাবাজির সাথে জড়িত সে বিষয়ে কিছু বলতে রাজি হননি সেকান্দার হোসেন।
এর আগে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধর ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সী।
সেদিন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রাজু মুন্সী বিশ্ববিদ্যালয় চলমান উন্নয়ন প্রকল্পের প্রত্যেক কন্ট্রাকটারের কাছ থেকে চাঁদাবাজি করছে। রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রী চুরি করে।
“এসব বিষয়ে আমি উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানানোয় সে ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছে। আমি আজ সকাল ১১টার দিকে কাটা পাহাড় এলাকায় নির্মাণ কাজ পরিদর্শনে গেলে সে আমার দিকে ধেয়ে এসে হামলা করে।”
একইদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল রাজু মুন্সী। তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে রাজু মুন্সী।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দিলে তিন ঘণ্টা গ্যাস-বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ ছিল। পরে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নেতৃবৃন্দ উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘণ্টার মধ্যে রাজু মুন্সীকে গ্রেপ্তার করা না হলে আবারও কর্মবিরতিতে যাবেন বলে জানান।
এরপর সোমবার বিকালে রাজু মুন্সীর বিরুদ্ধে হাটহাজারী থানায় মারধর ও চাঁদা দাবির অভিযোগে মামলা হয়।
