২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে চট্টগ্রামে সর্বোচ্চ ১৪৩ ডেঙ্গু রোগী

এসময়ে এ রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু, যা নিয়ে চলতি বছর চট্টগ্রামে ২২ জনের মৃত্যু হল।

এক দিনে চট্টগ্রামে সর্বোচ্চ ১৪৩ ডেঙ্গু রোগী

জ্বরের কারণে অসুস্থতা বাড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে অনেককেই স্যালাইন দিতে হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 07:42 PM

Updated : 22 Jul 2023, 07:42 PM

চট্টগ্রামে চলতি বছর এক দিনে সর্বোচ্চ সংখ্যক ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর এ তথ্য দিয়ে জানিয়েছে, এসময়ে এ রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে চট্টগ্রামে ২২ জনের মৃত্যু হল এবং মোট আক্রান্ত রোগী বেড়ে হয়েছে ১৯২৩ জন। এরমধ্যে ১৪৫৮ জনই জুলাই মাসে শনাক্ত হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই এক দিনে সবচেয়ে বেশি ১১৮ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। তিন দিনের মাথায় তা ছাড়িয়ে গেল শনিবার।

সবশেষ ডেঙ্গু আক্রান্ত মারা যাওয়া শিশুর নাম মিশকাত (১৪)। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে ১১ জন শিশু, ছয়জন পুরুষ ও পাঁচজন নারীর ডেঙ্গুতে মৃত্যু হল, যাদের মধ্যে ১৪ জন চমেক হাসপাতালে ভর্তি ছিলেন।

পুরনো খবর:

ডেঙ্গু: চট্টগ্রামে মৃত্যুহার বেশি কেন

আর চলতি জুলাইতে ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন, জুনে যা ছিল ৬ জন।

এর আগে চট্টগ্রামে ২০২২ সালের নভেম্বরে ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে এ মাসে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছেন।

শনিবার জেলার বিভিন্ন হাসপাতালে ২৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।