ডেঙ্গু: চট্টগ্রামে মৃত্যুহার বেশি কেন
মৃত্যুহার বাড়ার কারণ খুঁজতে ‘ডেথ রিভিউ’ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মৃত্যুর হার সারাদেশের হারের দ্বিগুণ; যার কারণ হিসেবে দেরিতে হাসপাতালে আসা, একাধিকবার ডেঙ্গু সংক্রমণ এবং ডেঙ্গুর সঙ্গে অন্যান্য জটিলতার কথা বলছেন চিকিৎসকরা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের প্রতিবেদন অনুসারে, চট্টগ্রাম জেলায় মোট ১ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।
সে হিসেবে প্রতি ৮৪ জন আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন। মৃত্যুহার ১ দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে সারা দেশে চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জনকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে, এর মধ্যে মারা গেছেন ১২৭ জন। সে হিসেবে ১৮৯ জন রোগীর বিপরীতে একজন মারা গেছেন। মৃত্যুহার শূন্য দশমিক ৫৩ শতাংশ।
চট্টগ্রাম জেলায় মৃত্যুহার বেশি কেন, এমন প্রশ্নে ‘ডেথ রিভিউ’ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রামে চলতি সপ্তাহে শনি, রবি ও সোমবার প্রতিদিন দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তবে বুধবারের প্রতিবেদন অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
চট্টগ্রামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২ জন ডেঙ্গু রোগী মারা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
এ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার মৃত্যুর হার গতবারের চেয়ে বেশি। এখন যে পরিমাণ রোগী আসছে সেটাও তুলনামূলক বেশি।”
চট্টগ্রাম মেডিকেলে মঙ্গলবার পর্যন্ত মোট চিকিৎসা নেওয়া ৪৮৫ জন রোগীর মধ্যে ১২ জন মারা গেছেন। সে হিসেবে সেখানে প্রতি ৪০ জন ডেঙ্গু রোগীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন জানিয়ে পরিচালক মো. শামীম আহসান বলেন, “এখন পর্যন্ত ৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর অবজারভেশনে আছেন ১১ জন।”
এবারে ডেঙ্গুতে মৃত্যু হার বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, “শুরুতে একটা বড় কারণ ছিল ‘লেট রিপোর্টিং’ (দেরিতে শনাক্তকরণ ও দেরিতে হাসপাতালে আসা)। পাশাপাশি এক্সপানডেড ডেঙ্গু সিনড্রোম নিয়েও রোগী এসেছে। এছাড়া মাল্টি অর্গান ফেইলিউর আছে।”
২০২২ সালে চট্টগ্রাম জেলায় ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেবার মৃত্যুহার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।
গত বছর সারাদেশে হাসপাতালে যাওয়া ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগীর মধ্যে মারা যান ২৮১ জন। সে হিসেবে মৃত্যুহার ছিল শূন্য দশমিক ৪৫ শতাংশ।
২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। সেবার মারা যায় ৫ জন। মৃত্যুহার ছিল ১ দশমিক ৮৪ শতাংশ।
২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে মারা যান ১০৫ জন, আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন ২৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ মৃত্যুহার ছিল শূন্য দশমিক ৩৭ শতাংশ।
চট্টগ্রাম জেলায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২০ জনের মধ্যে ১০ জনই শিশু।
ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি শিশু চিকিৎসা নেয় বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। জেলায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে আটজন মারা গেছে এ হাসপাতালে।
জানতে চাইলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তার মধ্যে ৪১ জনই শিশু। এটা চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগীর সংখ্যা। গত বছর একদিনে সর্বোচ্চ ৮৭ জন রোগী ভর্তি ছিল।”
মৃত্যুহার বেশি হওয়ার কারণ জানতে চাইলে নুরুল হক বলেন, “শুরুর দিকে রোগীরা আসছিল খুব ক্রিটিক্যাল কনডিশন নিয়ে। মানে দেরি করে। এখন সচেতন হয়েছে। তাড়াতাড়ি আসছে।
“এছাড়া হেমোরেজিক ডেঙ্গু ও শক সিনড্রোম নিয়েও ডেঙ্গু রোগী আসছে। পাশাপাশি কিছু ক্রিটিক্যাল রোগীও আছে। এ কারণে মৃত্যুহার বেশি। এখনও দুটি শিশু আইসিইউতে আছে।”
তবে অন্যান্যবারের মত এবারও হাসপাতালে আসা ডেঙ্গু রোগীদের লক্ষণ (ক্লিনিক্যাল ফিচার) প্রায় একই রকম বলে জানিয়েছেন এই চিকিৎসক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চলতি বছর ৩২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে; এদের মধ্যে কেউ মারা যায়নি।
বিআইটিআইডি’র সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ জানান, বুধবার সেখানে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তার মধ্যে ১৬ জন এসেছেন আগের ২৪ ঘণ্টায়।
মৃত্যুহার বেশি হওয়ার কারণ জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, “মূলত তিনটি কারণে মৃত্যু হার বেশি হচ্ছে। একটি হল অনেকে বুঝতে পারে না রোগীর অবস্থা কী। বাড়িতে থাকতে থাকতেই রোগী শক-এ চলে যায়। ফলে অনেক দেরিতে হাসপাতালে আসে।
“দ্বিতীয় কারণ হল কো-মরবিডিটি। যাদের আগে থেকে ডায়বেটিস, কিডনিজনিত বা অন্য জটিল রোগ আছে। আর তৃতীয় কারণ হল একই ব্যক্তি দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া। তবে এক্ষেত্রে একই ভেরিয়েন্টে আক্রান্ত হলে সমস্যা হয় না। নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হলে ঝুঁকি বাড়ে।”
তাই কোনো রোগী কখন হাসপাতালে এসেছে, কার শারীরিক অবস্থা কী ছিল এবং কতবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এসব তথ্য জানতে ‘ডেথ রিভিউ’ করার পরামর্শ দেন দুই দশকেরও বেশি সময় ধরে ডেঙ্গু নিয়ে কাজ করা মামুনুর রশিদ।
আরও পড়ুন-
