চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
চলতি মাসেই জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে গত একদিনে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনদিনে জেলায় মোট ছয়জনের প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত রোগটি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১০১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সবশেষ প্রাণ হারানোদের মধ্যে আনোয়ারা উপজেলার এক শিশু আছে। অপরজন নারী, তিনি চন্দনাইশ উপজেলার বাসিন্দা ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শিশু রাজশ্রী ধর (১০ মাস) এবং নারী এলিনা হক (৩৫) দুজনই ডেঙ্গুর শক সিনড্রোমের কারণে মারা গেছেন।
ডেঙ্গু পরিস্থিতি জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিনদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। যেসব হাসপাতালে ডেঙ্গু রোগী আসছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে কি না তা আমরা নজর রাখছি।
“হাসপাতালে ডেঙ্গু রোগীকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে। উপজেলাগুলোকেও সোমবার মাসিক সমন্বয় সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুসারে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আলাদা ডেঙ্গু কর্নার খুলে সেবা দেওয়া হবে।”
মঙ্গলবার জেলার বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ড চালুর বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, “সেরকম কিছু এখনো জানানো হয়নি আমাদের। সেখানে অন্য রোগীদের মতই এখনো ডেঙ্গু রোগীদের সেবা দেয়া হচ্ছে।”
চলতি মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১১০০ জন। চলতি বছর মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৫৬৫ জনে।
এ বছর জেলায় ডেঙ্গুতে মোট ২০ জন মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই ১১ জনের মৃত্যু হল। আর মৃতদের মধ্যে ১০ জনই শিশু। ছয়জন পুরুষ ও চারজন নারী।
