সেলিনা শেলীকে স্বপদে বহালের দাবিতে চট্টগ্রামে কর্মসূচি
চট্টগ্রামে এক কর্মসূচি থেকে এ দাবি জানান হয়।
চট্টগ্রামে এক কর্মসূচি থেকে কবি সেলিনা শেলীকে স্বপদে বহাল করার দাবি জানানো হয়েছে।
বুধবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে শিক্ষক ও কবি সেলিনা আক্তার শেলীকে হয়রানির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ বাঙালি করেছে। কোনো ধর্মীয় পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। একাত্তরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই একসঙ্গে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। এখন হিন্দু-মুসলিম যে বিভাজন, এটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।
“চট্টগ্রাম বন্দরে আমি একবার গিয়েছিলাম মুক্তিযুদ্ধের গণকবরগুলো দেখতে। একটি গণকবরের উপর রাস্তা হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই। বন্দর কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কোনো ভূমিকা রাখেনি। এই বন্দর কর্তৃপক্ষ অহেতুক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সরকারকে বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে।”
চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলী শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা লেখেন। ফেইসবুকে একটি ‘ফান পোস্টে’ ধর্ম নিয়ে তার এক মন্তব্যের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাকে কলেজের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্তের আদেশে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিভাগীয় মামলা করার কথাও বলা হয়।
এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পোস্ট দিয়ে কবি সেলিনা শেলীর বরখাস্তের প্রতিবাদ জানায়। বিবৃতি দেয় চট্টগ্রামের ২৯ বিশিষ্টজন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বুধবারের সমাবেশ থেকে সেলিনা শেলীকে অবিলম্বে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনর্বহাল এবং তাকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়ে। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ‘মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেয়ারও’ দাবি জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার সমাবেশে বলেন, “আজ হতাশা নিয়ে আমি বলতে চাই, এখন একটি শব্দ উচ্চারণের পর আমাকে দ্বিধায় থাকতে হয় যে, আমি কোনো ষড়যন্ত্রে পড়ে যায় কি না। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলের সরকার ক্ষমতায়।
“আমরা কথা বলতে পারব না, আমরা নিঃশ্বাস নিতে পারবো না, এমন বাংলাদেশ তো বঙ্গবন্ধু আমাদের উপহার দেননি। বন্দরের যে কুলাঙ্গাররা স্বাধীন মতপ্রকাশের জন্য সেলিনা শেলীর কণ্ঠরোধের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “শুধু মুসলমানের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্বাধীন দেশে ধর্মের নামে বিভাজন, ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা কাম্য নয়।
“যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা এখনও অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে, তারাই সরকারকে বিপদে ফেলতে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। স্বাধীন বাংলাদেশ আমরা ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। সামনে নির্বাচন, সেজন্য ধর্মান্ধ জামাতি, রাজাকার-আলবদররা আবার মাথা তোলার চেষ্টা করছে। তাদের প্রতিরোধ করতে হবে।”
কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, “পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে যেভাবে আক্রমণ করা হচ্ছিল হিন্দুয়ানি বলে, এই শব্দ হিন্দুয়ানি শব্দ, এই কথা হিন্দুয়ানি কথা, এই কালচার হিন্দুয়ানি কালচার- তাতে আমাদের সন্তানরা ভাবতে পারেন হিন্দুয়ানি বোধহয় ঘৃণ্য, পরিত্যক্ত কোনো বিষয়। বাংলা ভাষার মধ্যে আবার হিন্দু-মুসলমান কেন?
“সেই পটভূমিতে সেলিনা শেলীর বক্তব্যের কারণে তার বাড়ির চারপাশে এখন অসংখ্য হায়েনার আনাগোণা, পেলেই যেন তার কল্লা কেটে নেবে। এই অসহায় নারী আজ কোথায় আছেন, কী দুর্বিষহ অবস্থায় তিনি প্রতিটি মুহূর্ত পার করছেন, সেটা আমরা কেউ জানি না। এমন অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মানুষের মুক্তচিন্তাকে রুদ্ধ করা হচ্ছে। এই আইন এখন ব্লাসফেমি আইনে পরিণত হয়েছে। আমরা এই আইন অবিলম্বে বাতিল চাই।”
কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, “সেলিনা শেলী তার পোস্টটি আবার প্রত্যাহারও করে নিয়েছেন। কিন্তু কোনোভাবেই তাকে হয়রানি, হুমকি-ধমকি বন্ধ হচ্ছে না। অথচ ইউটিউব কিংবা ফেইসবুক উল্টান, ধর্মীয় বয়ানের নামে কতরকমের আস্ফালন, কৌতুক, ঠাট্টা- মশকরা চলছে। কিন্তু এগুলোর জন্য বিচার দাবি করার কেউ নেই।
“সেলিনা শেলী বলার সাথে সাথেই এটা বিরাট একটা ঘটনা হয়ে গেলো। সবাই বিচার চাইতে লাগলো। অন্ধকারের শক্তি ধর্মান্ধ গোষ্ঠী আড়ালে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, এর বিরুদ্ধে আমাদের সবার রুখে দাঁড়াতে হবে।”
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, “বন্দর কর্তৃপক্ষের আদেশ দেখে মনে হয় এটা যেন আগে থেকেই তৈরি করা ছিল। তাদের নোটিশ দেখে মনে হয় মামলা কাউকে দিয়ে করাতে তারা আগ্রহী।
“বন্দরের ভিতরের যে সাম্প্রদায়িক শক্তি ঘাপটি মেরে আছে তাদের উৎখাত করতে হবে। কবি সেলিনা শেলীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে।”
সিপিবি জেলা কমিটির সভাপতি অশোক সাহা বলেন, “সাপকে পালন করলে দংশন করবেই। সারাদেশে আজ সেই সাপের বিস্তার। মৌলবাদ দিন দিন বিস্তার পাচ্ছে। আমরা সংখ্যায় কমছি৷ এদেশে নববর্ষ হবে, পাহাড়িদের উৎসব হবে। এজন্যই বাংলাদেশ হয়েছে। পাকিস্তান আর বাংলাদেশ তো এক না। মৌলবাদীদের প্রশ্রয় দিলে দেশ পাকিস্তানের পথেই হাঁটবে।”
বিএফইউজের যুগ্মমহাসচিব মহসীন কাজী বলেন, “বন্দরে দুর্নীতি লুটপাটের নিউজ দেশের বড় গণমাধ্যমে প্রকাশিত হয়। তখন সেগুলো ফেসবুকে শেয়ার হয়। সেক্ষেত্রে তাদের কোনো সাড়াশব্দ মেলে না। এখন এত দ্রুত কবি সেলিনা শেলীর বিরুদ্ধে কার ইশারায় ব্যবস্থা নেয়া হলো কোনো তদন্ত ছাড়াই।
“বন্দরের ভিতরে বাইরে জামায়াত শিবির ঘাপটি মেরে আছে। তারাই এসব ঘটাচ্ছে। বন্দরের আদেশেও ভুল আছে। তারা যে অপরাধের দোহাই দিচ্ছে সে অপরাধ তারাই করেছে আদেশে।”
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষক হোসাইন কবির, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি রাশেদ রউফ, সাহিত্যিক আলম খোরশেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি অভীক ওসমান, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি কবি আশীষ সেন, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপিকা শীলা দাশগুপ্ত, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি প্রণব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল, শিল্পী শ্রেয়সী রায় ও লাকী দে, সাংবাদিক সুমি খান, প্রমা আবৃত্তি সংগঠনের সহ সভাপতি কংকন দাশ, আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি শিল্পীগোষ্ঠী, অদিতি সঙ্গীত নিকেতন, ছাত্র ইউনিয়ন, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নরেন আবৃত্তি একাডেমি, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, খেলাঘর চট্টগ্রাম মহানগর, যুব ইউনিয়ন এবং উদীচী শিল্পীগোষ্ঠীসহ আরও বিভিন্ন সংগঠন।
আরও পড়ুন
