২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে পার্বত্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ, মীর হেলালকে অপসারণসহ ৪ দাবি

তিনটি কমিটিতে গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা পার্বত্য অঞ্চলে অসন্তোষ ও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 05:28 PM

Updated : 28 Sep 2026, 05:28 PM

পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অপসারণসহ চার দফা দাবি জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’।

সোমবার রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। এতে ‘সর্বস্তরের জনগণের’ পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লেখক ও শিক্ষাবিদ শিশির চাকমা।

লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য এলাকার বাসিন্দা বা জনগণের নির্বাচিত প্রতিনিধি না হওয়া সত্ত্বেও মীর হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

বক্তাদের দাবি, এটি ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে মীর হেলাল উদ্দিনকে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির বিশেষ দায়িত্ব দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ১০ সেপ্টেম্বর স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিনটি কমিটি- ‘জাতীয় কমিটি’, ‘নির্বাহী কমিটি’ ও ‘পরামর্শক কমিটি’ গঠন করা হয়েছে।

এসব কমিটিতে সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর সম্পৃক্ততা পার্বত্য অঞ্চলে নতুন করে অসন্তোষ ও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মীর হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে অপসারণ, পার্বত্য চুক্তির শর্ত অনুযায়ী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নিয়োগ, তিন পার্বত্য জেলার তদারকির বিশেষ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি এবং একতরফাভাবে গঠিত তিনটি কমিটি বাতিলের দাবি জানানো হয়।

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা এবং বিভিন্ন কমিটি ও টাস্কফোর্স গঠনের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নব কুমার চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা উপস্থিত ছিলেন।