সীতাকুণ্ডের পাহাড়ে বাগান মালিকের লাশ, পুলিশের ধারণা খুন
শুক্রবার রাতে বাগান পাহারা দিতে পাহাড়ের টং ঘরে গিয়ে আর ফেরেননি আবছার উদ্দিন এরশাদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড় থেকে একটি কলাবাগানের মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, খুন করে দুর্বত্তরা লাশ সেখানে ফেলে গেছে।
শনিবার বিকাল পাঁচটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে কেএসআরএম কারখানার পেছনে দুর্গম পাহাড় থেকে আবছার উদ্দিন এরশাদ (৪২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
এরশাদ বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পাহাড়ে কলার বাগান করেছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরশাদ কেএসআরএম কারখানার পেছনের একটি পাহাড়ে কলাবাগান করেছিলেন। সেখানে একটি টং ঘরে মাঝেমধ্যে পাহারা দিতে যেতেন। শুক্রবার রাত ৯টায় বাড়ি থেকে কলাবাগানের টং ঘরে যান।
“ঘরে না ফেরায় স্থানীয়রা খুঁজতে গিয়ে টং ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে আমরা গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করি। টং ঘরটি ভাঙ্গা অবস্থায় এবং তার ভেতরেই তার লাশ পড়ে ছিল।”
ওসি তোফায়েল বলেন, “আমাদের ধারণা দৃর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরটি ভেঙ্গে রেখে গেছে। এরশাদের শরীরের দুই পায়ে ক্ষত এবং পিঠের দিকে আগুনের পোড়া দাগ রয়েছে।”
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বলে জানান তিনি।
