‘এজেন্ট দিত ন দিয়ুম': মুজিবুলের বিরুদ্ধে ফের অভিযোগ
অভিযোগ অস্বীকার করে মুজিবুল বলেছেন, যারা নৌকার পক্ষে কাজ করবে তাদের নিরাপত্তা দিতে তিনি 'অতন্দ্র প্রহরী' হয়ে কাজ করবেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হুমকি দেওয়া এবং ইভিএমে ভোটদানের গোপন কক্ষে নিজের লোক রাখতে চাওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে ফের অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) এক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর 'এজেন্ট ঢুকতে দেওয়া হবে না' বলে হুমকি দিয়েছেন মুজিবুল।
তবে অভিযোগ অস্বীকার করে মুজিবুল বলেছেন, যারা নৌকার পক্ষে কাজ করবে, তাদের নিরাপত্তা দিতে তিনি 'অতন্দ্র প্রহরী' হয়ে কাজ করবেন।
মুজিবুল বাঁশখালীর সংসদ সদস্য এবং এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী আওয়াল হোসেন।
তিনি বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ‘দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা’ ব্যবহার করে সাধারণ জনগণকে ‘ভয়ভীতি ও হুমকি প্রদর্শন’ করে আসছেন।
“২ জানুয়ারি এমপি মোস্তাফিজুর রহমানের পক্ষে ছনুয়ায় প্রচারণা সভায় প্রকাশ্যে পক্ষে মঞ্চে শত শত লোকের সামনে ভোটকেন্দ্রে অন্য প্রার্থীর কোনো এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেন এবং অন্য প্রার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন।”
আওয়াল হোসেন বলেন, “বক্তব্যের এক পর্যায়ে সেদিন মুজিবুল হক চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘এজেন্ট দিত ন দিয়ুম, ৫ তারিখর পর কইত পারিবি মুজিব চেয়ারম্যান কি জিনিস’ (এজেন্ট দিতে দিব না, ৫ তারিখের পর বুঝবে মুজিব চেয়ারম্যান কি জিনিস)। তার এমন বক্তব্যের পর বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সভার একটি ভিডিওতে ওই বক্তব্যের পর মুজিবুল হক চৌধুরীকে বলতে দেখা যায়, “ছনুয়ায় যারা নৌকার পক্ষে কাজ করবে তাদের নিরাপত্তা দিতে অতন্দ্র প্রহরী হিসেবে আমি কাজ করব।”
আওয়াল হোসেন বলেন, “আমরা জানতে পেরেছি, পুলিশও মুজিব চেয়ারম্যানকে খোঁজাখুঁজি করছে। ৩ জানুয়ারি বিকেলে আবার চাম্বল বাজারে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, ‘পুলিশ আমার কিছুই করতে পারবে না’।
“এই ধরনের কথা বলে সে এলাকাবাসীকে ভীতি প্রদর্শন করছে। মুজিবুল হক আরো বলেন, ‘নির্বাচন কমিশন পূর্বে আমার বিরুদ্ধে কিছুই করতে পারেনি। বর্তমানেও কিছু করতে পারবে না। আমাদের এলাকায় ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ও ভোটারদের ঢুকতে দেয়া হবে না’।”
এতে সাধারণ ভোটার ও এজেন্টরা ‘ভীত’ দাবি করে আওয়াল হোসেন বলেন, “মুজিবুল হক চৌধুরীর এ ধরনের বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ভোট পরিচালনার নির্দেশকে হুমকির মুখে ফেলেছে। এমপি মোস্তাফিজুর রহমান ও চেয়ারম্যান মুজিবুল হক বাঁশখালীতে ভোটের মাঠে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। মুজিব চেয়ারম্যান একজন চিহ্নিত সন্ত্রাসী ও তার বিরুদ্ধে বহু মামলা আছে। সম্প্রতি মুজিব চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করেছে।”
মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভোটের মাঠে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে মন্তব্য করে আওয়াল হোসেন বলেন, “এতে সরকার সুষ্ঠু ভোটের যে চেষ্টা করছে তা বাধাগ্রস্ত হতে পারে। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত মুজিব চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় তিনি ভোটের দিন বিশৃঙ্খলা করতে পারেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও প্রস্তাবকারী রাহুল কান্তি দাশ।
তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী বলেন, “আমি আওয়ামী লীগ করি, নৌকার পক্ষে কাজ করব এটাই তো স্বাভাবিক। যারা নৌকার পক্ষে কাজ করবে তাদের নিরাপত্তা দিতে আমি অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব, সেটাও বলেছি।
“কিন্তু অন্য কোনো প্রার্থীর এজেন্ট দিতে দিব না, এরকম কোনো কথা আমি বলিনি।”
ভোটার ও এজেন্টদের ভীতি প্রদর্শন ও নানা রকম বক্তব্য প্রদানের বিষয়ে জানতে চাইলে মুজবিুল হক চৌধুরী বলেন, “অভিযোগ থাকে। যে কেউ অভিযোগ করতেই পারে। কিন্তু সেই অভিযোগের সত্যতা থাকতে হবে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই।
“নির্বাচনে তো এসব কথা, অভিযোগ থাকবেই। আমরাও কতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।”
চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী) আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলের মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছে আরেক আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটন।
ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আগেও গণমাধ্যমে আলোচনায় এসেছেন। ২০২২ সালের জুনে চাম্বল ইউনিয়নে ভোটের আগে আগে তিনি গোপন কক্ষে কর্মী রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বাটন চেপে নিজের পক্ষে ভোট নিয়ে নেওয়ার কথা বলেছিলেন প্রকাশ্যেই।
তার বক্তব্যের ভিডিও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেটি আমলে নিয়ে সেই ইউনিয়নে ভোট স্থগিত করে ইসি।
এছাড়া গত বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ‘পেটানোর’ হুমকি দিয়েছিলেন মুজিবুল।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া ওই বক্তব্যে তিনি বলেন, “পিটার হাস বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ঈমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।”
বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হলে গত ৯ নভেম্বর রাতে চেয়ারম্যান মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে মুজিবুলসহ সাতজনের বিরুদ্ধে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে যে মামলার আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দেয় আদালত।
আরো পড়ুন
