চট্টগ্রামে হরতাল-অবরোধের সকালে বাসে আগুন
চট্টগ্রামে মহাসড়কে আন্তঃজেলা বাস না চললেও অভ্যন্তরীণ গণপরিবহন, পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল করছে।
বিএনপির ডাকে দ্বিতীয় দফা অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
রোববার ভোরে ধুমপাড়া মোড়ে পোশাক শ্রমিক বহনের ওই বাসে ‘দুর্বৃত্তরা’ আগুন দেয় বলে পতেঙ্গা থানার ওসি আফতাব হোসাইন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোর পৌনে ৫টার দিকে বাসটি ধুমপাড়া মোড়ে রেখে চালক মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে। এসময় বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়।“
বাসটি ভোর ৫টায় ছাড়ার কথা ছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ভোরবেলা বাসের পাশে কয়েকজন পোশাক শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। তারা দেখেছেন, দুইজন যাত্রী নিয়ে একটি অটোরিকশায় বাসের কাছে এসে থামে। দুইজন লোক অটোরিকশা থেকে নেমে বাসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।“
এদিন অবরোধের পাশাপাশি চট্টগ্রাম নগর বিএনপি হরতালও ডেকেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়।
সকাল থেকে নগরীর দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন আছে। তবে দলের কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি।
রোববার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে মানুষের স্বাভাবিক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়েও মানুষ রাস্তায় বেরিয়েছে।
মহাসড়কে আন্তঃজেলা বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ গণপরিবহন, পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল করছে।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার এসআই দীপক কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কে পণ্যবাহী যানবাহন চালাচল স্বাভাবিক আছে। পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়িও চলাচল করছে।“
তিনি বলেন, মহাসড়কে কোনো পিকেটিংয়ের ঘটনা দুপুর পর্যন্ত ঘটেনি। পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাব সদস্যরা টহলে আছেন।
তবে শাহ আমানত সেতু, দামপাড়া, একে খান, অলঙ্কার, কদমতলী এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
শহরের দামপাড়া এলাকার পরিবহন কাউন্টারের এক কর্মচারী বলেছেন, শনিবার রাতে ঢাকার পথে চট্টগ্রাম থেকে বাস ছেড়েছে। কিন্তু অবরোধের আগের রাতে ঢাকার বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনায় সকালে টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস আর ছাড়েনি।
গত ২৮ অক্টোবর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে। একজন পুলিশ সদস্য এবং যুবদলের এক কর্মী নিহত হন।
সংঘর্ষের পর নগরীর বিভিন্ন থানায় বিএনপির নেতা-কর্মীদের নামে ৩৬টি মামলা হয়েছে।
সমাবেশ পণ্ডের দিন হরতালের ডাক দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দিন ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে দলের শীর্ষ পর্যায়ের নেতারা একে একে গ্রেপ্তার হচ্ছেন।
গত ২ নভেম্বর রাজধানীর গুলশানের ৮১ নম্বর সড়কের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
আমীর খসরু বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে দলের অবস্থান তুলে ধরে আসছিলেন গত কয়েক মাস ধরে।
আমির খসরুকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে শনিবার হরতালের ডাক দেয় চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
চট্টগ্রামে ডাকা হরতালের সঙ্গে দলের পূর্বঘোষিত দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিও চলবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিএনপি।
