কর্ণফুলীতে জোয়ারে ভেসে এল লাশ
সুরতহালে যুবকের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার নদীর কালুরঘাট ব্রিজের ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান।
আনুমানিক ৩৫ বছর বয়েসী ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার পরনে হলুদ শার্ট ও কালো প্যান্ট এবং দুই হাতে আংটি ছিল।
ওসি একরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি জোয়ারের পানিতে ভেসে এসে তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।“
সুরতহালে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে ওসি একরাম বলেছেন, “মৃত ব্যক্তি অমুসলিম হতে পারেন। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়ার কথাও বলেন পুলিশের এই কর্মকর্তা।
