চট্টগ্রামে মেডিকেল নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটে ‘চুরির চেষ্টা’
এ ঘটনায় মামলার পাশাপাশি একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের ইনস্টিটিউট অব মেডিকেল নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস ভবনে ‘চুরির চেষ্টার’ অভিযোগ পাওয়া গেছে।
ভবনটির দ্বিতীয় তলায় বুধবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ইনস্টিটিউটের পরিচালক পবিত্র কুমার ভট্টাচার্য জানান।
এ বিষয়ে বৃহস্পতিবার পাঁচলাইশ থানায় একটি মামলার পাশাপাশি একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউটটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পবিত্র কুমার বলেন, “গভীর রাতে ভবনের পেছনে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করেছে। তারা প্রশাসনিক শাখার তিনটি কক্ষ, হিসাব রক্ষণ শাখা ও পরীক্ষাগারের কিছু কাগজপত্র তছনছ করেছে।
“প্রথমে আমরা একটি ল্যাপটপ, চাবি খোয়া গেছে মনে করেছিলাম, কিন্তু সেগুলো পরে পুলিশ উদ্ধার করেছে ছাদ থেকে।”
তিনি বলেন, বিভিন্ন রুমের ড্রয়ার খুলে কাগজ তছনছ করা হয়েছে। হিসাব শাখার ড্রয়ার থেকে আনুমানিক আট হাজার টাকা খোয়া গেছে বলে তারা ধারণা করছেন।
পরিচালক পবিত্র কুমার বলেন, এ ঘটনায় মামলার পাশাপাশি সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রধান চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে প্রধান করে করা এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাপতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের পেছনে লাগানো পাহাড় দিয়ে ‘দুই দুর্বৃত্ত’ দ্বিতীয় তলায় প্রবেশ করে।
“তারা কিছুই নিয়ে যায়নি। তবে অনেক কাগজপত্র তছনছ করেছে। দুর্বৃত্তরা যখন প্রবেশ করেছে তখন সিকিউরিটি গার্ড নিচে ছিল। তিনি টের পেয়ে তাদের ধাওয়া করেছে। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
