২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অভ্যুত্থানে নিহতদের স্মরণে বহদ্দারহাটে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ শুরু

”দেশের ৮৬৪ স্থানে যেই স্থানে শহীদ হয়েছে সেসব জায়গায় স্থায়ীভাবে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে,” বলেন তিনি।

অভ্যুত্থানে নিহতদের স্মরণে বহদ্দারহাটে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ শুরু
চট্টগ্রামের বহদ্দারহাটে বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের সর্বোচ্চ মর্যাদায় পুনর্বাসন করবে সরকার বলে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার চট্টগ্রামে বহদ্দারহাটে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সামনের দিনে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন আর স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে সেজন্য দেশের ৮৬৪ স্থানে যেই স্থানে শহীদ হয়েছে সেসব জায়গায় স্থায়ীভাবে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে।

“জুলাই হত্যাকাণ্ডের বিচারের কাজ দ্রুত চলছে। আমরা চাই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচারিক কাজ সম্পন্ন করতে। সেজন্য বিচারিক প্রক্রিয়া নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে সেজন্য বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

“জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজনদের যাতে মানবেতর দিনযাপন করতে না হয় সেজন্যে আলাদা অধিদপ্তর গঠন করার মাধ্যমে তাদের সর্বোচ্চ সহায়তা করা হবে। তারা যেন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।”

এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।