চবিতে স্টোর শাখায় হুমকি, ‘কর্মবিরতির’ হুঁশিয়ারি অফিসার সমিতির
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া লিখিত অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ‘দাবি না মানা হলে’ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সমিতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর শাখায় গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে অফিসার সমিতি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া লিখিত অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ‘দাবি না মানা হলে’ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সভাপতি রশীদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী সই করা অভিযোগে বলা হয়, “গতকাল (বুধবার) দুপুর ২ টা ৫৫ মিনিটে নজরুল ইসলাম সবুজ, মোফাজ্জল হায়দার মোফা ও সাদেক হোসেন টিপুর নেতৃত্বে কতিপয় ছাত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে বড় ধরনের অঘটন ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট করতে হামলা চালায়।
“এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে রোববার থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে অফিসার সমিতি।”
অভিযোগে যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র। এর মধ্যে সবুজ মার্কেটিং বিভাগ, টিপু সাংবাদিকতা ও মোফা চারুকলার শিক্ষার্থী ছিলেন।
জানতে চাইলে মোফাজ্জল হায়দার মোফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টা গতকালই সমাধান হয়ে গিয়েছে। এটা তেমন কিছুনা।”
এরপর তিনি ফোন কেটে দেন। নজরুল ইসলাম সবুজ ও সাদেক হোসেন টিপুর সঙ্গে বৃহস্পতিবার বেশ কয়েকবার চেষ্টা করলেও তারা কল ধরেননি।
এদের মধ্যে মোফাজ্জল হায়দার মোফা ২০১৫ সালে সংঘর্ষ চলাকালে হলের বারান্দায় রামদা শান দিচ্ছেন– এমন একটি ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল।
নজরুল ইসলাম সবুজের বিরুদ্ধে ইতোপূর্বে এস্টেট শাখা, প্রকৌশল দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের পাশে শিক্ষকদের জন্য নির্মাণাধীন ভবনে চাঁদার জন্য ঠিকাদারকে মারধর করার অভিযোগ আছে সাদেক হোসেন টিপুর বিরুদ্ধে।
কেন্দ্রীয় স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার রশীদুল হায়দার জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের যত মেয়াদোত্তীর্ণ মালামাল আছে সেগুলো আমরা প্রতিবছর দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করে থাকি। কিন্তু গতকাল সাদেক হোসেন টিপু, মোফাজ্জল এবং সবুজ কিছু ছেলেপেলে নিয়ে এসে আমাকে বলে, আজকেই মালগুলো আমাদের দিতে হবে।
“এখন নিয়মের বাইরে গিয়ে আমি তো কাউকে মালপত্র এমনি এমনি দিয়ে দিতে পারি না। এসময় তারা অফিসে ঢুকে আমাকে তাদের সাথে বাইরে যেতে হবে বলে ধমকাতে থাকে। এমনকি আমার উপর চড়াও হওয়ার চেষ্টাও করে।”
প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, “এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে জানাবে কি ঘটেছে।”
স্টোরে কর্মরতরা জানান, প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে জমা হওয়া মালামাল বিক্রি করতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এর আগে বাইরের প্রতিষ্ঠানকে মালামাল বিক্রি করার পরে ক্যাম্পাস থেকে বের হওয়ার আগেই সেই ট্রাক থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
