‘আপনাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি
মিনাবের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার জেরে মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তার ছবি ও পরিচয় প্রকাশ করে তাদের খুঁজে বের করার এই হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি দিয়েছে ইরান।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুমকি দেয়।
আট মাস আগে ওই দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে করা একটি পোস্ট পুনরায় শেয়ার করে দূতাবাস এ বার্তা দিয়েছে। পুরোনো পোস্ট উদ্ধৃত করে চার শব্দের ওই বার্তায় দূতাবাস বলেছে, “আমরা আপনাদের খুঁজে বের করব।”
পোস্টে ওই দুই কর্মকর্তার নাম-পরিচয় তুলে ধরা হয়েছে। তারা হলেন, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্প্রুয়ান্স’-এর কমান্ডিং অফিসার কমান্ডার লি আর টেট এবং যুদ্ধজাহাজটির এক্সিকিউটিভ অফিসার (নির্বাহী কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।
গত ২৯ মার্চ দেওয়া মূল পোস্টটিতে লেখা ছিল, “এই দুই অপরাধীকে মনে রাখবেন। ইউএসএস স্প্রুয়ান্সের কমান্ডার লি আর টেট এবং এক্সিকিউটিভ অফিসার জেফরি ই ইয়র্ক, যারা তিনবার টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়ে মিনাবের স্কুলে ১৬৮ জন নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন।”
শিশুহত্যার জন্য প্রকাশ্যে ওই দুজনকে অভিযুক্ত করে পোস্টে আরও লেখা হয়েছিল, “তাদের নিজেদের কি কোনও সন্তান নেই?”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর হামলা না চালানোর বিষয়ে তেহরানকে সতর্ক করার এক দিন পরই ইরানের পক্ষ থেকে এই হুমকি এল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তাকে হত্যা করা হলে “তাদের অস্তিত্ব আর খুব বেশি দিন থাকবে না।”
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর দিকে মিনাবের ‘শাজারেহ তাইয়েবেহ’ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১২৩ শিশুসহ অন্তত ১৫৬ জন নিহত হন।
প্রাণনাশের অব্যাহত হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন এলাকার বাসভবন থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।
এসব হুমকির সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে খবর বেরিয়েছে। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে নতুন হুমকিটি এল।
বেসেন্ট সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসি-কে জানিয়েছেন, কেবল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরামর্শেই তাকে ওই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেছিলেন, “উপসাগরীয় অঞ্চলে থাকা সাহসী সেনাসদস্য ও প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তখন আমি কেন ভয় পাব?”
‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ মিনাব স্কুল হামলা প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আয়াতুল্লাহ আবদুল মজিদ হাকিম ইলাহি বলেন, ওই ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন কখনো ক্ষমা চায়নি।
নিহত শিশুদের কয়েকজনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, “তারা ইরানে হামলা চালিয়েছে। ২৮ ফেব্রুয়ারি তারা একটি প্রাথমিক বিদ্যালয়ে দুই দফা হামলা চালিয়ে ১৬৮ জন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে। আজও ওই শিশুদের কয়েকজনের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।”
ইরানি এই কূটনীতিক আরও বলেন, “তাদের মা-বাবারা এখনো কাঁদছেন, কারণ সন্তানদের কবরের পাশে গিয়ে কাঁদার মতো কোনো জায়গাও তাদের নেই।”
একই সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জানান, ওই স্থাপনায় বোমা হামলার সময় যন্ত্রের সহায়তা নেওয়া হলেও চূড়ান্ত ট্রিগারটি চেপেছিলেন একজন মানুষই।
তিনি বলেন, “আসলে মানুষের বিবেচনাতেই এটি হয়েছে। আমি বিশ্বাস করি, যন্ত্র ওই সিদ্ধান্ত নেয়নি; একজন মানুষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং লক্ষ্যবস্তু নির্ধারণে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়তা করেছিল। এআইয়ের ব্যবহার ব্যাপকভাবে হচ্ছে।”
তিনি তার বক্তব্যে আগের একটি প্রতিবেদনের দাবি নাকচ করে দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, এআইয়ের ‘কিল চেইন’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পেন্টাগনের অতিমাত্রায় নির্ভরতার কারণেই ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল।
