২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 09:49 PM

Updated : 27 Oct 2026, 10:09 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন করেছেন একদল শিক্ষার্থী।

তার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচি করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদি।

সন্ধ্যা পৌনে ৮টার দিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি হয়। এর আগে শিক্ষার্থীরা মুরাদ চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানান তারা।

শিক্ষার্থী দুর্বার আদি বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ নিন্দনীয়।

তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মুক্তিযোদ্ধাকে নিজের জন্মভূমিতে দাফন করতেও বাধার মুখে পড়তে হবে কেন?

কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরী বলেন, মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য দেওয়ার কারণে কারও দাফনে বাধা দেওয়া তার অধিকার ক্ষুণ্ন করার শামিল।

মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানাতেই তারা মোমবাতি জ্বালিয়েছেন।

পুরনো খবর:

মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ