২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার

চট্টগ্রামে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নয় দিন পর বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে কিছু হাড়গোড় উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 04:51 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

বেসরকারি ডিপোটিতে গত ৪ জুন অগ্নিকাণ্ডের পর দুটি দেহাবশেষ পাওয়া গিয়েছিল গত ৭ ও ৮ জুন।

তার পাঁচ দিন পর সোমবার দুপুরে পোড়া মালামালের স্তূপ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার করা হাড়গুলোর মধ্যে একটি পায়ের ছোট অংশ। এছাড়া শরীরের বিভিন্ন অংশের হাড় রয়েছে। তবে সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির, তা বোঝা যাচ্ছে না।”

উদ্ধার করা হাড়গুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। সংগ্রহ করা নমুনাগুলো পড়ে সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

গত গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর ৭ জুন দুর্ঘটনাস্থল থেকে আরও দুজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

পরদিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। সেদিন সন্ধ্যায় ডিপোর ভেতরে আরও দুজনের দেহাবশেষ পাওয়া যায়।

সর্বশেষ রোববার ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম। আর চট্টগ্রামের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে মারা যান কন্টেইনার ডিপোর আরেক কর্মী নুরুল কাদের।

আরও খবর

ডিপোর পোড়া ধ্বংসস্তূপে আরো দুটি ‘দেহাবশেষ’

সীতাকুণ্ডের বিএম ডিপো মালিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন