২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে চট্গ্রামে যান চলাচলে বিশেষ নির্দেশনা

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাওয়ার পথ নির্দিষ্ট করে ও যান চলাচলে কিছু বিধিনিষেধের কথা জানিয়েছে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 03:23 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শনিবার স্বাধীনতা দিবস সামনে রেখে শুক্রবার এসব নির্দেশনা নগর পুলিশ কর্তৃপক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী শনিবার ভোর ৫টা থেকে তিন পুল থেকে আমতল হয়ে নিউ মার্কেট এবং রাইফেলস ক্লাব হয়ে সিনেমা প্যালেস পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে তিন পুল থেকে প্রাথমিক শিক্ষা অফিস সড়কে একমুখী যান চলাচল করবে বলে জানিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।  

চট্টগ্রামে নির্মিত সাংস্কৃতিক কমপ্লেক্সের নকশায় নতুন করে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। তাই পুরানো শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে।

চট্টগ্রামে নতুন শহীদ মিনার উদ্বোধন  

বিকল্প হিসেবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসের মত স্বাধীনতা দিবসেও সেখানে শ্রদ্ধা জানাবে চট্টগ্রামবাসী।

পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, শ্রদ্ধা জানাতে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কর্মকর্তারা আমতল থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে যাবেন। তাদের গাড়িগুলো কাজীর দেউড়ি-লাভলেইন-বৌদ্ধ মন্দির-বোস ব্রাদার্স- রাইফেল ক্লাব হয়ে আমতলে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে।

শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় আমতল থেকে গাড়িতে উঠে জুবলি রোড হয়ে তারা ফিরে যাবেন।

অন্য সবাইকে ব্যক্তিগত গাড়ি নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউ মার্কেট ও তিনপুল এলাকায় রাখতে বলা হয়েছে।