চট্টগ্রামে এনআইডি জালিয়াতি: ইসির ডেটা এন্ট্রি অপারেটর রিমান্ডে
চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মামলায় নির্বাচন কমিশনের এক ডেটা এন্ট্রি অপারেটরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে বয়ান উদ্দিন (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুইদিনের হেফাজতের নেওয়ার অনুমতি দেয় আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বয়ানসহ এ মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বয়ান ছিলেন এ মামলায় প্রধান অভিযুক্ত জয়নাল আবেদীনের সহযোগী।
“আগে বিভিন্ন সময়ে জবানবন্দি দেওয়া ছয়জনের মধ্যে মোস্তফা ফারুক নামে একজন তার জবানবন্দিতে বয়ানের নাম প্রকাশ করেছিল। সে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় বয়ানকে গ্রেপ্তার করা হয়।”
বয়ান ২০১৭ সালে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ প্রকল্প এবং ২০১৮ সালে স্মার্ট কার্ড বিতরণ প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন।
২০১৯ সালে এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীনকে তার দুই সহযোগীসহ আটক করে পুলিশে দেয় কর্মকর্তারা। এ সময় একটি ল্যাপটপ জব্দ করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
পরিদর্শক সঞ্জয় সিনহা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বয়ান জানিয়েছে, বয়ান তার স্ত্রীর মাধ্যমে জয়নালের সাথে পরিচিত হয়। তার মাধ্যমেই তিনি ডেটা এন্ট্রি অপারেটরের কাজ পান। এ সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর, পাহাড়তলী, পাঁচলাইশ, রাউজান, সাতকানিয়া উপজেলায় ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেছিলেন।
“বয়ান প্রধান অভিযুক্ত জয়নাল আবেদীনের বাসায় থাকতেন। রোহিঙ্গা দালালদের মধ্যমে জয়নালের কাছে আসা রোহিঙ্গাদের ছবি তুলে, আঙ্গুলের ছাপ সংগ্রহ করে আপলোড করে জাতীয় পরিচয়পত্র তৈরি করত। এজন্য সে জয়নালের কাছ থেকে প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা করে পেত।”
জয়নাল গ্রেপ্তারের পর বয়ান আত্মগোপনে চলে যায় বলে জানান তদন্ত কর্মকর্তা।
আরও পড়ুন:
