সেই জে এম সেন হলে ‘প্রতিমাহীন’ শ্যামা পূজা
বিজয়া দশমীর দিনে চট্টগ্রাম নগরীর প্রধান পূজামণ্ডপ জেএমসেন হলে হামলা হয়েছিল। ২০ দিন পর সেই মণ্ডপে নেই প্রতিমা, আর তাই ঘটে হচ্ছে শ্যামা পূজা।
বৃহস্পতিবার গভীর রাতে অমাবস্যা তিথিতে হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দেবী শ্যামার পূজা।
দিনটি দীপাবলি হিসেবে খ্যাত। আলোতে আলোতে সেজে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, মন্দির ও পূজা মন্ডপ। তবে এবার দুর্গা পূজা চলাকালে ও পরবর্তীতে সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলায় শ্যামা পূজার সব আড়ম্বর বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের প্রধান মণ্ডপ জে এম সেন হলে অনাড়ম্বর ভাবে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ছয়টায় মোমবাতি জ্বেলে প্রতিবাদ জানানো হয়েছে।
“এবার জেএম সেন হলে প্রতিমা নেই। পূজা হবে ঘটে। নগরীর প্রতিটি মন্ডপে কালো পতাকা উত্তোলন করা হবে।”
পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারেই আড়ম্বরহীনভাবে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে জানিয়ে আশীষ ভট্টাচার্য্য বলেন, “নগরীতে কোনো কোনো মণ্ডপে প্রতিমায় পূজা হচ্ছে। তবে সব ধরণের বর্ণিলতা ও আয়োজন বর্জন করতে বলেছি। শুধু পূজার জন্য যেটুক আয়োজন প্রয়োজন তা হবে।”
নগরীর মণ্ডপগুলো নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ কমিশনারের সাথে গতকালও আলাপ হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন। সারারাত মণ্ডপগুলোতে নিরাপত্তা দেয়া হবে।
“আমরা তো আশ্বস্ত থাকি। তারপরও অঘটন ঘটে যায়।”
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর শুরু হবে শ্যামা পূজার আনুষ্ঠানিকতা। ভোর চারটা পর্যন্ত চলবে পূজার নানা আয়োজন।
এরপর শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে প্রতিমা বিসর্জন করতে পূজার আয়োজকদের বলা হয়েছে বলে জানান আশীষ ভট্টাচার্য্য।
কুমিল্লার ঘটনার জের ধরে ১৫ অক্টোবর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর রহমতগঞ্জ এলাকায় একটি মিছিল থেকে ঐতিহাসিক জেএম সেন হলের পূজামণ্ডপে হামলা হয়। এখানকার পূজার আয়োজক চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।
এ ঘটনার পর পূজা উদযাপন পরিষদ সেখানে অবস্থান গ্রহণ এবং নিরাপত্তা না পাওয়া পর্যন্ত প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দেয়। পরে রাজনীতিবিদ ও পুলিশের হস্তক্ষেপে পাঁচ ঘণ্টা পর প্রতিমা বিসর্জন দেয়া হয়।
চট্টগ্রামের জেএম সেন হলে পূজা মণ্ডপে হামলার ঘটনায় মামলা করে পুলিশ, যাতে ৮৩ জনের নাম উল্লেখ করে অন্তত কয়েকশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
