৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আবার আইস উদ্ধার

চট্টগ্রামে আবারও নতুন মাদক আইস উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 05:18 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে মঙ্গলবার রাতে ৪৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আবছার (৫২)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজার এলাকার বাসিন্দা। 

বুধবার সংবাদ সম্মেলন করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) সালাম কবির জানান, গ্রেপ্তার নুরুল আবছার এ মাদকগুলোকে কার কাছ থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছেন, সে তথ্যও গোয়েন্দা পুলিশ পেয়েছে।

সরবরাহকারীর নাম প্রকাশ না করে তিনি বলেন, ‍“পুলিশের তদন্ত চলছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা সালাম কবির জানান, চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে দেশে ছড়িয়ে পড়ছে মেটাফিটামিনযুক্ত নতুন মাদক আইস, যার কিছু অংশ চট্টগ্রামের মাদকসেবীদের হাতেও পৌঁছাচ্ছে।

“মিয়ানমার থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাওয়ার অন্যতম রুট চট্টগ্রাম। সেহেতু কিছু মাদকসেবী এখানে আছে আর এ রুট দিয়ে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়।”

তিনি বলেন, “যেহেতু মাদকসেবীদের কাছে উচ্চমাত্রার মাদকের প্রতি ঝোঁক বেশি সেজন্য আমরা দেখছি মাদকটি বাংলাদেশে ঢুকছে। ব্যাপকভাবে যাতে ছড়িয়ে যেতে না পেরে সেজন্য পুলিশ সতর্ক আছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, এটি উচ্চমাত্রার উত্তেজক ও অনেক দামী মাদক।

চট্টগ্রামে আইসের প্রথম চালান ধরা পড়ে গত ২৪ ফেব্রুয়ারি। ওই দিন ১৪০ গ্রাম আইসসহ দুই জনকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। এর পর আরও কয়েক দফায় চট্টগ্রামে ধরা পড়েছে আইসের চালান।

গত মে মাসে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে ২০০ গ্রাম আইসসহ এক যুবককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর গত ১৭ জুন কর্ণফুলী উপজেলা থেকে পাঁচ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয় আরও এক জনকে।

১২ জুলাই রাতে নগরীর ফিশারীঘাট এলাকা থেকে আইসের বড় চালান আটক করে র‌্যাব। ৯৭৫ গ্রামের চালানটির সাথে গ্রেপ্তার করা হয় তিনজনকে।

এর দুই দিন পর ১৪ জুলাই ৮০ গ্রাম আইস ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।