জাপানে ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’: পর্যটনে সহযোগিতার আশা
পর্যটন খাতের প্রতিনিধি ও ভ্রমণপ্রেমীসহ প্রায় ৮০ জন অতিথি এতে অংশ নেন।
জাপানের পর্যটন খাতের প্রতিনিধি ও ভ্রমণপ্রেমীদের অংশগ্রহণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
টোকিওতে বাংলাদেশ দূতাবাস এবং ‘ওয়ার্ল্ড এয়ার-সি সার্ভিস কোম্পানি লিমিটেড’-এর যৌথ উদ্যোগে বুধবার এ সেমিনার আয়োজিত হয়। এতে প্রায় ৮০ জন অতিথি অংশ নেন।
টোকিওর বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ শাফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদার। প্রথাগত খাতের বাইরেও পর্যটনের মতো উদীয়মান খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, যা জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য অনবদ্য।”
এসময় তিনি সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাগেরহাটসহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প, বাউল সংগীত এবং ঐতিহ্যবাহী খাবারের বিবরণ তুলে ধরেন।
রাষ্ট্রদূত আরও জানান, পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অবকাঠামোগত উন্নয়ন, ভিসা আবেদন সহজীকরণ ও দ্রুত ভিসা প্রদানসহ বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। জাপানি অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণের পাশাপাশি তাদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ আয়োজনের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব পর্যটন খাতে আরও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ‘ওয়ার্ল্ড এয়ার-সি সার্ভিস কোম্পানি লিমিটেড’-এর প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী ইযোসুকে কি কুমা। তিনি বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিগত বছরগুলোতে পর্যটন খাতে দেশটি উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে।”
