এবার এমআই এমিরেটসের প্রধান কোচ বাউচার
মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিপার-ব্যাটসম্যান।
আইপিএল, মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) পর এবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে যাচ্ছেন মার্ক বাউচার। দক্ষিণ আফ্রিকার সাবেক কিপার-ব্যাটসম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এমআই এমিরেটস।
২০২৪ সালে এমআই এমিরেটসকে আইএলটি-টোয়েন্টির শিরোপা জেতানো কোচ রবিন সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন বাউচার।
আইপিএলে ২০২৩ ও ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ ছিলেন বাউচার। পরে এমএলসির ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্কের দায়িত্ব পান তিনি। ২০২৪ আসরে তার কোচিংয়ে শিরোপা জিতে দলটি।
এবার মুম্বাই ইন্ডিয়ান্সের আরেকটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলেন ৪৯ বছর বয়সী বাউচার।
২০২৫-২৬ মৌসুমে রানার্সআপ হয় এমআই এমিরেটস। ফাইনালে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে হেরে দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে তাদের।
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। ফাইনাল দিয়ে ২০ ডিসেম্বর পর্দা নামবে টুর্নামেন্টটির।
ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড গোছাতে বৃহস্পতিবার দুবাইয়ে হবে খেলোয়াড় নিলাম।
