২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতিলতা স্মরণে ‘ইউরোপিয়ান ক্লাবে‘ জাদুঘর করার দাবি

অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে তৎকালীন ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 09:39 PM

Updated : 10 Oct 2022, 09:26 PM

পুরনো খবর:

ইউরোপিয়ান ক্লাবের সামনে ‘অমর’ প্রীতিলতা
প্রীতিলতার স্মৃতিজড়িত ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণের দাবি
প্রীতিলতাকে স্মরণ, আদর্শ অনুসরণের আহ্বান
'বাঙালির মুক্তি সংগ্রামে প্রীতিলতাই প্রথম নারী'
প্রীতিলতার স্মৃতি সংরক্ষণের দাবি

বিভিন্ন সংগঠন প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করে।

মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোগী প্রীতিলতার নেতৃত্বে ৮৭ বছর আগে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ হয়। 

ক্লাবটি বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়।

২০১২ সালে এর সামনে ‘বীরকন্যা প্রীতিলতা’ স্মারক ভাস্কর্য নির্মাণ করা হয়। বাম সংগঠনগুলোর দাবির মুখে মেয়র থাকাকালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের অদূরে প্রীতিলতার ভাস্কর্য তৈরির উদ্যোগ নেন এম মনজুর আলম। তার মেয়াদেই সেটির কাজ শেষ করে উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে  প্রীতিলতার স্মারক ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম।

এছাড়া ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাসদ (মার্কসবাদী)।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা।

সভায় বাসদ নেতা আল কাদেরী জয় বলেন,  “ব্রিটিশের শোষণ থেকে দেশকে এবং দেশের মানুষকে মুক্ত করতে স্বাধীনতার জন্য প্রীতিলতা জীবন দিয়েছিলেন।

“কিন্তু আক্ষেপের বিষয়, রাষ্ট্রীয় কোনো উদ্যোগ পরিলক্ষিত হয় না। চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাবটি সংরক্ষণে আজো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে এটিকে জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি জানাই।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের চট্টগ্রাম জেলার আহ্বায়ক মহিন উদ্দিন, ছাত্র ফ্রন্টের রায়হান উদ্দিন, নাজিম উদ্দিন বাপ্পি প্রমুখ।

পাঠ্যবইয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতার জীবনী অন্তর্ভুক্তির দাবিও জানানো হয় সভা থেকে।

পটিয়ার ধলঘাটেও কর্মসূচি পালন করে প্রীতিলতা ট্রাস্টসহ কয়েকটি সংগঠন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে বিপ্লবীর নিজগ্রামে প্রীতিলতার একটি আবক্ষ মূর্তি রয়েছে।

১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের ধলঘাটে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। বাবা সেসময়ের মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি জগদ্বন্ধু ওয়াদ্দেদার ও মা প্রতিভা দেবী। ছয় ভাই-বোনের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়।

নগরীর আসকার দীঘির উত্তর-পশ্চিম পাড়ের একটি দোতলা বাড়িতে থাকত ওয়াদ্দেদার পরিবার।

১৯২৮ সালে চট্টগ্রামের ড. খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় মেট্রিক, ১৯৩০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে আইএ এবং কলকাতার বেথুন কলেজ থেকে ১৯৩২ সালে ডিসটিংশানসহ বিএ পাস করেন প্রীতিলতা।

তবে ব্রিটিশবিরোধী আন্দোলনে সম্পৃক্ততার কারণে তার ফল স্থগিত করা হয়। প্রীতিলতা চট্টগ্রামের অর্পনাচরণ (নন্দনকানন স্কুল) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকারও দায়িত্ব পালন করেন।

২০১২ সালের ২২ মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রীতিলতাকে মরণোত্তর স্নাতক ডিগ্রি প্রদান করা হয়।

ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করতে  ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর  রাত পৌনে ১১টায় ইউরোপিয়ান ক্লাব আক্রমণে ১৫ জনের বিপ্লবী দলের নেতৃত্বে ছিলেন প্রীতিলতা।

পাহাড়তলীতে তৎকালীন ইউরোপিয়ান ক্লাবের একটি সাইনবোর্ডে লেখা ছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’।

বিপ্লবীদের আক্রমণে একজন বৃটিশ নারী নিহত হয়। চারজন ব্রিটিশ পুরুষ ও সাতজন নারী আহত হয়। ইংরেজ সৈন্যের গুলিতে প্রীতিলতা শরীরের বাম পাশে আঘাত পান।

ইউরোপিয়ান ক্লাবের ১০০ গজ দূরেই পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন প্রীতিলতা।

তার মরদেহ তল্লাশি চালিয়ে বিপ্লবী লিফলেট, অপারেশন পরিকল্পনা, রিভলবারের গুলি, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ছবি এবং একটি হুইসেল পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, গুলি নয়, সায়ানাইডই ছিল মৃত্যুর কারণ।

দেশের জন্য আত্মদানের কথা মৃত্যুর একদিন আগে ২৩ সেপ্টেম্বর নিজ হাতে লিখেছিলেন প্রীতিলতা। সেই চিঠিও পরে উদ্ধার করে আদালতে উপস্থাপন করা হয়।

২১ বছরের জীবন আত্মাহুতি দিয়ে ইতিহাস হয়ে যাওয়া প্রীতিলতা ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রাণদানকারী প্রথম নারী।