২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতিলতার স্মৃতি সংরক্ষণের দাবি

ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রাণদানকারী প্রথম নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি সংরক্ষণের দাবি উঠেছে চট্টগ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রাণদানকারী প্রথম নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি সংরক্ষণের দাবি উঠেছে চট্টগ্রামে। এই দাবিতে আন্দোলন শুরু করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র নামের তিনটি সংগঠন। তারা পাহাড়তলীতে প্রীতিলতার মুর‌্যাল ও জাদুঘর স্থাপনের দাবি জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। ব্রিটিশিবিরোধী আন্দোলনে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে ইউরোপিয় ক্লাবে আক্রমনে নেতৃত্ব দেন প্রীতিলতা। ফেরার সময় গুলিবিদ্ধ হলে 'পটাশিয়াম সায়ানাইড' পানে আত্মাহুতি দেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে তার নামে। এ ছাড়া এই বীরকন্যার স্মৃতিস্মারক বলতে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। প্রীতিলতার উল্লেখযোগ্য স্মৃতিস্মারক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, প্রীতিলতার ছাত্রী চঞ্চলা ভট্টাচার্য্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (৫ মে) প্রীতিলতার জন্ম শতবার্ষিকী। ১৯১১ সালের এই দিনে ধলঘাটে জন্মগ্রহণ করেন তিনি। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রীতিলতা বাংলাদেশ তথা এ উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রাণ উৎসর্গকারী প্রথম নারী। তিনি এই অঞ্চলের নারীদের এগিয়ে যাবার প্রেরণা। অথচ তাঁর স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামে উল্লেখযোগ্য কোন স্মারক নেই-এটি অত্যন্ত দু:খজনক।" চট্টগ্রাম বিপ্লবের নেতা মাস্টারদা সূর্যসেন ইউরোপিয় ক্লাব (বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়) আক্রমণের দায়িত্ব প্রীতিলতাকে দিয়েছিলেন উল্লেখ করে বিনোদ বিহারী চৌধুরী বলেন, "ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হলে প্রীতিলতাসহ বিপ্লবীদের ইতিহাস ও স্মারক নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা উচিত।" সরেজমিনে দেখা গেছে, ইউরোপিয় ক্লাবের একতলা ভবনটি বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটির দেয়ালে একটি সাধারণ 'স্মৃতি ফলক' ছাড়া আর কিছুই নেই। ভবন সংলগ্ন পাহাড়তলি সাব পোস্ট অফিসের সামনে রয়েছে 'প্রীতিলতা মনুমেন্ট'। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রীতিলতার স্মরণে এই ভবনে জাদুঘর স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বীরকন্যার জন্মস্থান ধলঘাটে একটি স্মৃতিস্তম্ভ ছাড়া কিছুই নেই। 'বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট' নামের একটি সংগঠন সেখানে স্থাপন করেছে একটি প্রাথমিক বিদ্যালয়। ১৯৩১ সালে নগরীর 'নন্দনকানন অপর্ণাচরণ ইংরেজী বালিকা বিদ্যালয়ে' প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ওই বিদ্যালয়ের সে সময়ের শিক্ষার্থী চঞ্চলা ভট্টাচার্য জানান, ধলঘাটে প্রীতিলতার বাড়িটি এখনো অরক্ষিত। তাদের কোন উত্তরসূরি দেশে না থাকায় বাড়িটি খালি পড়ে আছে। প্রীতিলতার নামে স্থাপিত প্রাথমিক বিদ্যালয়টি সরকারিকরণের দাবি জানান তিনি। নগরীর আসকার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়ে প্রীতিলতার পিতা জগদ্বন্ধু ওয়াদ্দেদারের দুটি মাটির বাড়ি ছিল। এর একটিও আর অক্ষত নেই। প্রীতিভিলা নামের মাটির বাড়িটির স্থলে উঠেছে চারতলা পাকা ভবন। স্মৃতি কিছুই না থাকলেও নামটি এখনো রয়ে গেছে। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট নেত্রী জান্নাতুল ফেরদাউস পপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি মেয়র মনজুর আলম কথা দিয়েছেন আগামী ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার আত্মাহুতি দিবসের আগেই একটি মুর‌্যাল স্থাপন করা হবে। এজন্য রেলওয়ের পক্ষ থেকে জায়গা দেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন মৃধা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৭৪৫ ঘ.