২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতিলতার স্মৃতিজড়িত ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণের দাবি

চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে তার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণের দাবি উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 10:33 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার সকালে প্রীতিলতার ৮৩তম আত্মাহুতি দিবসে নগরীর পাহাড়তলিতে স্থাপিত প্রীতিলতার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পন শেষে সংগঠনগুলো মিছিল নিয়ে প্রীতিলতার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব চত্বরে যায়। সেখানে প্রীতিলতার স্মৃতি সংরক্ষণের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি পপি চাকমা বলেন, “প্রীতিলতা বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ নারী। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব তাই আমাদের সংগ্রামী ইতিহাসের অংশ।

“অথচ দুঃখের বিষয় এই জাতীয় ঐতিহ্য সংরক্ষণ না করে রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এটি বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় হিসাবে ব্যবহার করছে।”

এছাড়াও চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রামে পটিয়া উপজেলার ধলঘাটে বিপ্লবীর নিজ গ্রামেও প্রীতিলতার একটি আবক্ষ মূর্তি রয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রীতিলতার জন্মস্থান পটিয়া উপজেলার ধলঘাটে তার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রীতিলতা ট্রাস্ট, পটিয়া পৌর সংসদ, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ, পটিয়া শিশু- কিশোর মেলাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

২০১১ সাল থেকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র পাহাড়তলিতে প্রীতিলতার আবক্ষ মূর্তি স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করে।

পরে ২০১২ সালের ২ অক্টোবর প্রীতিলতার স্মৃতি বিজড়িত নগরীর পাহাড়তলিতে ‘ইউরোপিয়ান ক্লাবে’র সামনে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।

মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী প্রীতিলতার নেতৃত্বে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা হয়।

আট জন বিপ্লবী ওই অভিযানে অংশ নিয়ে ৫৩ জন ইংরেজকে হতাহত করেন। সবাই ফিরে আসলেও আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে করে আত্মাহুতি দেন।

প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা জগৎবন্ধু তৎকালীন মিউনিসিপ্যাল কার্যালয়ে কর্মরত ছিলেন এবং মা প্রতিভাময়ী ছিলেন গৃহিণী।

ব্রিটিশবিরোধী বিপ্লবী চট্টগ্রামের ডা. খাস্তগীর স্কুল, ঢাকার ইডেন কলেজ ও কলকাতার বেথুন কলেজে লেখাপড়া করেন। চট্টগ্রামের অর্পনাচরণ (নন্দনকানন স্কুল) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকারও দায়িত্ব পালন করেন তিনি।