২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাঙালির মুক্তি সংগ্রামে প্রীতিলতাই প্রথম নারী'

প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির মধ্য দিয়েই বাঙালির মুক্তি সংগ্রামে নারীর প্রকাশ্য অংশগ্রহণ শুরু হয়েছিল বলে মনে করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 09:25 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির মধ্য দিয়েই বাঙালির মুক্তি সংগ্রামে নারীর প্রকাশ্য অংশগ্রহণ শুরু হয়েছিল বলে মনে করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী। শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে 'বীরকন্যা প্রীতিলতার জন্মশতবার্ষিকী ও ৭৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণানুষ্ঠান'-এ তিনি বলেন, "নারীমুক্তি ব্যাতিত প্রকৃত জাতীয় মুক্তি সম্ভব নয়। এর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে নারী অধিকার, নারী শিক্ষা এবং সমাজের বিভিন্ন স্তরে নারীর ক্ষমতায়ন।" শিক্ষার বিস্তার মানুষকে 'অধিকার সচেতন' করে তোলে- এমন পর্যবেক্ষণ জানিয়ে তিনি বলেন, "ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেসব নারী অংশগ্রহণ করেছেন তারা সকলেই শিক্ষিত সনাতন পরিবার থেকে উঠে আসা। মুসলমান নারীদের অংশগ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি। তারা প্রকাশ্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন পাকিস্তান আমলে। বায়ান্নর ভাষা আন্দোলন, '৬০ এর দশকের আন্দোলন, '৬৯ এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশ গ্রহণ আমরা দেখেছি।" "তবে পাকিস্তান আমলে যেসব নারী প্রকাশ্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের অগ্রদূত ছিলেন প্রীতিলতা। তার জীবনকাল ছিল মাত্র ২১ বছর, কিন্তু স্বীয় কর্মে তিনি তার জীবনের ব্যাপ্তিকে অতিক্রম করে গেছেন", যোগ করেন সারওয়ার আলী। অনুষ্ঠানে 'প্রীতিলতার অবদান ও তার প্রাসঙ্গিকতা' শীর্ষক প্রবন্ধ পড়ে শোনান মুক্তিযুদ্ধ জাদুঘর গবেষণা সেলের কর্মী গবেষক রেজিনা বেগম, যিনি ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে নারীর ভূমিকা বিষয়ে পিএইচডি করছেন। প্রীতিলতা জন্মগ্রহণ করেন ১৯১১ সালে, চট্টগ্রামের জামালখানে। তার বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ছিলেন সরকারি কর্মচারী। চার ভাইবোনের মধ্যে সবার বড় প্রীতিলতা প্রাথমিক শিক্ষা শেষে ঢাকার ইডেন এবং কোলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন। তবে পারিবারিক কারণে বেথুনে পড়া শেষ না করেই তাকে চট্টগ্রামে ফিরতে হয়। চট্টগ্রামে ফিরে একটি স্কুলে শিক্ষকতার চাকরি নেওয়ার পর প্রীতিলতা যোগ দেন ব্রিটিশবিরোধী বিপ্লবী সংগঠনে। রেজিনা বলেন, "প্রীতিলতার মৃত্যুর পর তার উদ্ধার করা ডায়রি থেকে জানা যায়- তার সংগ্রামের লাইন ছিল দুটি। স্বদেশব্রত এবং নারী-পুরুষ সমতা।" তবে প্রীতিলতার আত্মদানের কারণ হিসেবে স্বদেশমুক্তির আকুতির পাশাপাশি বিপ্লবী সংঘের অন্যতম সদস্য নির্মল সেনের প্রতি তার দুর্বলতাকেও কারণ বলে মনে হয়েছে রেজিনার। ১৯৩২ সালে ধলঘাটে নির্মল সেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশ। ওই ঘটনার পরপরই ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামে পাহাড়তলীতে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবে (যেটি বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়) হামলা চালায় চট্টগ্রামের যুব বিদ্রোহীরা। সেই অভিযানে সবাই বেঁচে ফিরলেও গুলিবিদ্ধ হন প্রীতিলতা। পুলিশের গ্রেপ্তার এড়াতে সঙ্গে রাখা বিষ পান করে আত্মাহুতি দেন তিনি। তবে রেজিনা এও বলছেন, শুধু নির্মল সেনের মৃত্যুতে মানসিক আঘাতের কারণে প্রীতিলতা আত্মাহুতি দিয়েছেন- এ কথা বললে তার অবদানকে খাটো করা হবে। প্রবন্ধ উপস্থাপন শেষে প্রীতিলতার 'বিদায়বানী' পাঠ করা হয়। সবশেষে স্বভূমী শিল্পী কেন্দ্রের কর্মীরা গণসঙ্গীত পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/০৩১৮ ঘ.