২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের আসামি সেই অমিত মুহুরী চট্টগ্রাম কারাগারে ‘মারামারিতে’ নিহত

বন্ধুকে খুন করে লাশ ড্রামে ভরে দিঘীর পানিতে ডুবিয়ে দেওয়ার অভিযোগে দুই বছর আগে গ্রেপ্তার যুবলীগ কর্মী অমিত কুমার মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘কয়েদিদের মধ্যে মারামারিতে’ নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 11:01 AM

Updated : 10 Oct 2022, 09:09 PM

৩২ বছর বয়সী অমিতকে বুধবার রাত ১০টার দিনে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খুরশীদ আনোয়ার চৌধুরী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অমিতের আঘাত ছিল মাথায়। গুরুতর ওই ক্ষত বন্ধ করার চেষ্টায় ২৬টা সেলাই দেওয়া হয়েছিল।”

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাগারের ৩২ নম্বর সেলে রিপন নামে এক কয়েদির সঙ্গে অমিতের মারামারি হয়। ওই সময় মাথায় গুরুতর আঘাত পান শীর্ষ সন্ত্রাসী অমিত। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।”

কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত অমিতের বিরুদ্ধে ২০১৪ সালে রেলের দরপত্র নিয়ে জোড়া খুনসহ অন্তত ১৩টি মামলা আছে।

হত্যা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আগেও তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। 

সর্বশেষ রাউজানের ইমরানুল করিম ইমন হত্যা মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পুলিশ অমিতকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে। তারপর থেকেই অমিত কারাগারে ছিলেন। 

ওই মামলায় গ্রেপ্তার দুইজনের বরাতে পুলিশ সে সময় জানিয়েছিল, অমিতেরই বন্ধু ছিলেন ইমন। স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের সন্দেহে অমিত ওই হত্যার পরিকল্পনা করেন। ওই বছর ৯ অগাস্ট নন্দনকানের হরিশ দত্ত লেইনে অমিতের বাসায় ইমনকে হত্যা করা হয়। এরপর লাশ ড্রামে ভরে সিমেন্ট ঢালাই করে ফেলে দেওয়া হয় এনায়েত বাজারের রানীর দিঘীতে।

ওই মামলায় গ্রেপ্তার এড়াতে কুমিল্লায় গিয়ে একটি মাদক নিয়াময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন অমিত। চুল-দাড়ি কেটে বেশভূষাও পাল্টে ফেলেছিলেন তিনি।  কিন্তু গলা আর হাতে আঁকা উল্কি দেখে পুলিশ তাকে চিনে ফেলে এবং গ্রেপ্তার করে।

পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অমিত বলেন, তার স্ত্রীকে ‘প্রায়ই উত্ত্যক্ত করতেন’ ইমন। এ কারণেই তাকে হত্যা করেন তিনি।

আরও খবর

সিআরবিতে সংঘর্ষ: আরও ১১ জন গ্রেপ্তার  

ড্রাম কেটে বের করা হলো লাশ

ড্রামে লাশ: খুনি সন্দেহে যুবলীগকর্মীকে খুঁজছে পুলিশ

বেশভূষা বদলেও হাতের উল্কিতে ধরা

ড্রামের ভেতর লাশ: গ্রেপ্তার অমিতের ‘স্বীকারোক্তি’