২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবিতে সংঘর্ষ: আরও ১১ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সিআরবিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা ও নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলার এজহারভুক্ত দুই আসামি রয়েছেন। 

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআরবি, এনায়েত বাজার, গোয়ালপাড়া, ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে অমিত মুহুরি নামে একজন এজাহারভুক্ত আসামি রয়েছেন জানিয়ে তিনি বলেন, অন্যদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমদ জানান, গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামে এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর‌্যন্ত অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয় ।

গত রোববার সিআরবি এলাকায় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় রাতেই কোতোয়ালী থানা পুলিশ বাদি হয়ে ৫৪ জনকে আসামি করে একটি মামলা করে।