ঠাঁই ছিল না ট্রেনে
ট্রেনের ছাদ, হাতল, পাদানি- কোথাও একটুও খালি জায়গা অবশিষ্ট নেই; ঈদের একদিন আগে চট্টগ্রাম থেকে দেশের নানা গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে আক্ষরিক অর্থেই দেখা গেছে ‘দম বন্ধ করা’ ভিড়।
ভিড়ের চাপে ট্রেনের গতিও হয়ে পড়েছে স্বাভাবিকের চেয়ে কম।
সোমবার বিকেলে চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা যায় চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও ছাড়েনি।
এরই মাঝে পুরনো রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে, এমনকি ট্রেনের ছাদে পানি ছিটানোর পাইপের খুঁটি বেয়েও অনেককে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে। বগি ও ছাদ ভর্তি যাত্রী নিয়ে নির্ধারিত সময়ের পর প্লাটফর্ম ছেড়ে যায় ট্রেনটি।
ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনেও ছিল ঠাসাঠাসি যাত্রী। অন্যান্য গন্তব্যে যাওয়া ট্রেনেও ছিল না বগির ভেতরে পা ফেলার জায়গা।
বিকেল সোয়া চারটার দিকে প্লাটফর্মে আসে চাঁদপুরগামী মেঘনা ট্রেন। সাড়ে চারটার মধ্যে যাত্রীরা সব ট্রেনে উঠে পড়েন।
যাত্রী রিজিয়া বেগম তার বৃদ্ধ মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ট্রেনে উঠলেও পাঁচটার দিকে তিনি ট্রেন থেকে নেমে আসেন।
রিজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনের ভেতর এত মানুষ উঠেছে যে সেখানে দাঁড়ানোর মত খালি জায়গাও নেই। দম বন্ধ হয়ে আসছিল। এভাবে বাড়ি যাওয়া সম্ভব নয়।”
ট্রেনের ছাদে উঠেছিলেন আরেক যাত্রী মোহাম্মদ মুন্না। জায়গা বদল করে দুইবার ছাদে উঠলেও শেষে নেমে যান তিনি।
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্লাটফর্ম ছেড়ে যায়নি।
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে কাজ করেন মো. ইদ্রিস। ঢাকা হয়ে নিজ বাড়ি সুনামগঞ্জে যেতে রাত ১০টার কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ধরতে বিকেল তিনটায় স্টেশনে এসে হাজির হন তিনি।
মো. ইদ্রিস বলেন, “ট্রেনে জায়গা পাব না ভেবেই আগেভাগে এসেছি। এখন যে অবস্থা দেখছি তাতে তো মনে হয় না যেতে পারবো।”
এদিকে ট্রেনের এই ‘তিল ঠাঁই নেই’ পরিস্থিতি ও নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রেল কর্তারা। এসব বিষয়ে কেউ ‘কিছু’ বলতে নারাজ।
ডিটিও ফিরোজ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন ব্যস্ত আছি। এ বিষয়ে কিছু বলতে পারব না।”
ট্রেনে ঠাঁই না মেলায় চট্টগ্রাম রেল স্টেশনের অদূরে কদমতলি বাস স্টেশনের দিকে বাসের খোঁজে যেতেও দেখা গেছে যাত্রীদের। তবে সেখানেও চাঁদপুরসহ দেশের বিভিন্ন গন্তব্যের বাস যাত্রীদের ভিড় দেখা গেছে।
আরও খবর
