চট্টগ্রামে বাস চললেও সংখ্যায় কম
শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় দেশের অধিকাংশ স্থানে বাস চলাচল মালিক-শ্রমিকরা বন্ধ করে দিলেও চট্টগ্রামে গণপরিবহণ রয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশে বাস ছেড়ে গেলেও তা ছিল সংখ্যায় কম।
মালিকরা সড়কে বাস নামাতে খুব একটা আগ্রহী নন বলে পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিকরা গাড়ি কম ছাড়ার নির্দেশ দিয়েছেন। তাই চালক-শ্রমিকরা যানবাহন নিয়ে পথে নামতে পারছে না।”
সোহাগ পরিবহণের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকার পথে একটি বাস ছেড়ে গেছে। এরপর বেলা ১২টা পর্যন্ত আর বাস ছাড়েনি।
তিনি বলেন, “অন্য দিনের চেয়ে যাত্রী কম। যাত্রী পেলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আবার বাস ছাড়া হবে।”
গ্রিন লাইন পরিবহনের ম্যানেজার বিপ্লব আইচ বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিয়মিতভাবে গাড়ি ছাড়ছে।”
সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন গন্তব্যের বাসগুলোও চলাচল করছে।
বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার ‘নানা’ কারণে যাত্রীদেরও বাসে চড়ার আগ্রহ কম দেখা গেছে।
শিক্ষার্থীদের গত কয়েকদিনের আন্দোলনে গাড়ির ফিটনেস না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন বিষয় উঠে আসায় দূলপাল্লার যাত্রায় বাসে চড়তে কম আগ্রহী যাত্রীরা।
মহাসড়কের সীতাকুণ্ড অংশ ঘুরে শ্যামলী, চয়েস ও উত্তরা পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাস চলতে দেখা গেছে।
চট্টগ্রাম জেলার উত্তর ও দক্ষিণ অংশের ১৪ উপজেলার পথে চলাচলকারী বাসের সংখ্যাও ছিল কম।
কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রওনা হওয়া যাত্রী রাহুল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন বড় পরিবহনের বাসগুলো চলছে। তবে তাও সংখ্যায় কম। তাই যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেভাবে সড়কে শ্রমিকদের মারধর-নাজেহাল এবং গাড়ি ভাংচুর করা হচ্ছে তাতে তারা সড়কে নামতে আগ্রহ পাচ্ছে না।
“পরিবহন মালিকরা ভীত। অনেক শ্রমিক আমাদের বলেছে, মালিকের নিষেধ অমান্য করে তো তারা গাড়ি নিয়ে বের হতে পারে না।”
মুছা বলেন, “সংগঠনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেই। নগরী থেকে উপজেলাগুলোর উদ্দেশে যানবাহন চলছে। উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম রুটে বাস চলছে। এছাড়া ছোট যানবাহন তো সড়কে চলছেই।”
আরও খবর
