যুবলীগ নেতা ফরিদ হত্যা মামলার আসামি ফয়সাল গ্রেপ্তার
চট্টগ্রামে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার সন্ধ্যায় নগরীর ডিসি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ান বাজার এলাকার বাসিন্দা ফয়সাল (৩০) নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা আছে বলে পুলিশ জানায়।
“তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা পাওয়া গেছে। আরও কিছু মামলা তার বিরুদ্ধে আছে বলে আমাদের তথ্য আছে। সেগুলোর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”
ফয়সালসহ মামলার সব আসামিই গ্রেপ্তার হয়েছেন।
গত ২৭ এপ্রিল কেবল ব্যবসার দ্বন্দ্বে নগরীর চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনির মুখে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ওইদিন রাতে চকবাজার থানায় নয়জনকে আসামি করে মামলা করেন ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম।
এর আগে গ্রেপ্তার আট আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। পরে গত ২২ জুলাই তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
