চট্টগ্রামে সুদীপ্ত হত্যায় আরও দুজন গ্রেপ্তার
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন জানান, সোমবার রাতে নগরীর লালখান বাজারের বাঘঘোনা একে খান স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- রাজীবুল ইসলাম রাজীব (২১) ও মামুনর রহমান রাব্বী (২০)।
সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুদীপ্ত হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার ফয়সাল নূর পাপ্পুর জবানবন্দির ভিত্তিতে রাজীব ও রাব্বীকে গ্রেপ্তারে একে খান স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালান তারা।
সুদীপ্ত হত্যার ঘটনায় এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করল পুলিশ।
গত বছরের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।
এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন।
নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্তকে হত্যার জন্য নেতাকর্মীরা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের দায়ী করে আসছেন।
এ ঘটনায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার বাকি ছয়জন হলেন- মোক্তার, ফয়সাল আহমেদ পাপ্পু, খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের, আমির হোসেন ওরফে বাবু, রুবেল দে ওরফে চশমা রুবেল ও সালাউদ্দীন ওরফে ডিশ সালাউদ্দীন।
