ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কমিশনের কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ এক মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এ সময়ের মধ্যে মামলার উভয় পক্ষকে রিটটির চূড়ান্ত শুনানির ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল হাইকোর্ট উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিশিয়াল কমিশনের কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিল।
পাশাপাশি সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশকে কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়ে আইন সচিব ও সুপ্রিম কোর্টের নিবন্ধকের ওপর রুলনিশি জারি করা হয়।
গত ১২ মে সরকার হাইকোর্টের ওই আদেশ স্থগিত করার জন্য আপিল বিভাগে আবেদন করে।
মঙ্গলবার আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "আইন বা অধ্যাদেশ জনসাধারণের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়। এর ওপর স্থগিতাদেশ দেওয়া হলে রাষ্ট্রের ক্ষতি হয়। তাই হাইকোর্টের আদেশ স্থগিত রাখা প্রয়োজন।"
জবাবে রিটকারীর পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "কমিশনের ৯ সদস্যের মধ্যে ২ জন সংসদ সদস্য থাকার বিধান রয়েছে। এখন জাতীয় সংসদ না থাকায় ওই ২ সদস্যের অস্তিত্বই নেই। তাই কমিশন এমনিতেই কার্যকর নয়।"
আপিল বিভাগের আদেশের পর ব্যারিস্টার আমীর সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের আদেশ এক মাসের জন্য আপিল বিভাগ স্থগিত করে এই সময়ের মধ্যে রিটটির চূড়ান্ত শুনানি করতে বলেছে। এই সময়ের মধ্যে শুনানি না হলে হাইকোর্টের আদেশ বহাল থাকবে।"
গত ১৬ মার্চ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪১৮ ঘ.
bdnews24