২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রনিকে রক্ষা করুন, প্রধানমন্ত্রীর প্রতি দিয়াজের মা

ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি ‘মানুষখেকো মাফিয়া চক্রের’ ষড়যন্ত্রের শিকার দাবি করে তাকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সংগঠনের প্রয়াত নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 08:38 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরানো খবর:

রনির মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ, ফেইসবুকেও সরব ছাত্রলীগ
চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা রনি

রনির মুক্তির দাবিতে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বলেন, “আমি একজন সন্তানহারা মা। আমি এখানে বক্তব্য দিতে আসিনি। এক এক করে আজকে আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে।

“মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু একটি কথাই বলতে চাই। আপনি জানেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোশতাক হত্যার আগে উনার আস্থাভাজন-বিশ্বস্ত মানুষদের উনার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “আজ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য- আপনার আদর্শের সৈনিকদের আপনার কাছ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতারা ঘুরে বেড়াচ্ছে। একের পর এক হত্যার আসামিরা ঘুরে বেড়াচ্ছে। তাসফিয়া হত্যা, সোহেল হত্যা, দিয়াজ হত্যা, সুদীপ্ত হত্যা- এসব হত্যার আসামিরা কই?”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “এই রনি আপনার জন্য অনেক করেছে। রনিদের যদি রক্ষা না করেন, আপনাকে যারা হত্যার হুমকি দিচ্ছে তারা একদিন মাথাচাড়া দিয়ে উঠবে। আপনি বলেছেন, দুর্নীতিবাজ ও হত্যাকারী যেই হোক কেউ রক্ষা পাবে না।”

চাঁদাবাজির অভিযোগে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের করা একটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

জাহেদা আমিন চৌধুরী বলেন, “একটি মানুষখেকো মাফিয়া চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে দিয়াজ ইরফান যেমন মৃত্যুবরণ করেছেন ঠিক একই চক্র নুরুল আজিম রনিকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। শুনেছি রনিকে মারার জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে- তাকে ক্রসফায়ারে দেওয়ার জন্য।” 

রনিকে মুক্তি দেওয়া না হলে অনশনে যাওয়ার কথাও বলেন তিনি।

“একজন রনির পেছনে আমি হাজার হাজার রনিকে দেখতে চাই। আজ শপথ করছি রনির জন্য যতটুকু করতে হয় আমি করব,” বলেন দিয়াজের মা।

সমাবেশ শেষে রনির বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দেন জাহেদা আমিন চৌধুরী।

রনির মুক্তির দাবিতে নগরীর বিভিন্ন কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। 

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, কেন্দ্রীয় যুবলীগ সদস্য গাজী জাফর উল্লাহ, আসহাব রসূল জাহেদ, প্রশান্ত চৌধুরী যীশু, শিবু প্রসাদ চৌধুরী, বিধান বড়ুয়া ও হাবিবুর রহমান তারেক।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এনকে আলম বাসেদ, নগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু, সম্পাদকমন্ডলীর সদস্য মিজানুর রহমান মিজান, আবু হানিফ রিয়াদ প্রমুখ।

সমাবেশে অংশ নেয় ওমর গণি এম ই এস কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ এবং বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।