২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রনির মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ, ফেইসবুকেও সরব ছাত্রলীগ

চাঁদাবাজির মামলায় কারাগারে যাওয়া চট্টগ্রামের ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রুনির মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে তার অনুসারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 08:10 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরানো খবর:

চাঁদাবাজির মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা রনি

পাশাপাশি রনির পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সরব হয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

চাঁদাবাজির অভিযোগে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের করা একটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার দুপুরে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

জাহেদ খানের করা মামলায় উচ্চ আদালত থেকে এক মাসের জামিনে ছিলেন রনি। আইন অনুসারে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

এরপর বেলা ১২টার দিকে রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বেলা সাড়ে ১২টার দিকে জেলখানায় গিয়ে রনির অনুসারীরা তার সাথে দেখা করেন।

জেল গেট থেকেই তার অনুসারীরা ‘মিথ্যা মামলা প্রত্যাহার ও রনির মুক্তির’ দাবি জানিয়ে মিছিল বের করে। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে রনির মুক্তির দাবি জানান ছাত্রলীগ নেতারা।

মিছিল-সমাবেশে অংশ নেন নগর ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, ইসলামিয়া কলেজ, সিটি কলেজ, এমইএস কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা।

শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুখ আহমেদ পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি, সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপু, উপ-সম্পাদক এম এ হালিম ও মিজানুর রহমান।

বিকালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকেও রনির মুক্তির দাবিতে মিছিল বের হয়।

এদিকে বিকালে এক যুক্ত বিবৃতিতে রনির মুক্তি দাবি করেছেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান তারেক, মোহাম্মদ ইলিয়াছ উদ্দীন ও আবু সাঈদ সুমন প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, ‘প্রগতিশীলও গণতান্ত্রিক রাজনীতিতে নুরুল আজিম রনিদের পরাজিত করতে না পেরে শিক্ষা ব্যবস্থা লুণ্ঠনকারী ও মাফিয়া শক্তি মিথ্যা মামলার মাধ্যমে ঘায়েল করেছে।

“রনির মত ছাত্রনেতাদের আটক রাখতে পারলে অশুভ শক্তির ফায়দা হাসিল হয়। তাই জামিনযোগ্য ধারায় মিথ্যা মামলা স্বত্বেও জামিন না দেওয়া দুঃখজনক।”

ঈদের আগেই রনির মুক্তি দাবি করেন তারা।

ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া

রনিকে কারাগারে পাঠানোর পরই সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন পেশাজীবীরা ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়ে ওঠেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- “… জেল-জুলুম, নির্যাতন করে প্রতিবাদী কণ্ঠ রোধ করা যায় না। কপটচারীর ষড়যন্ত্রের জয় ক্ষণস্থায়ী, সত্যের জয় চিরস্থায়ী।

“অন্যায়ের প্রতিবাদ, অত:পর গ্রেপ্তার, কারাবরণ… আজকের ছাত্রনেতা, আগামীর জননেতা হওয়ার পূর্বাভাস! ফুৎকারে মাটির পিদিম নেভানো যায়, দ্রোহের দাবানল নয়! রনিরা হারবে না, রনিরা থামবে না।”

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আশরাফুল ফাহাদ লিখেছেন- “একজন আদর্শ ছাত্রনেতা নুরুল আজিম রনি। মিথ্যা মামলায় কারাগারে, এটি আমাদের ব্যর্থতা।”

কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর ফেইসবুকে রনির ছবি দিয়ে লিখেছেন- “যুদ্ধাপরাধী পরিবারের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

“জামাত শিবির বিএনপির কুখ্যাত-বিখ্যাতরা আজ বুক ফুলিয়ে কতিপয় আওয়ামী লীগ নেতাদের সাথে দহরম মহরম করে মজা করছে। আর চক্রান্তকারীদের করা সাজানো মামলায় এই পবিত্র রমজান মাসে মুজিব আদর্শের নিবেদিতপ্রাণ সৈনিক, বীর মহিউদ্দিনের স্নেহভাজন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে পুরনো মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলো।”

হাসান মনসুর লিখেছেন- “ষড়যন্ত্রকারীদের জয় হলো। নুরুল আজিম রনির নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে।”

আইনজীবী মিথুন বিশ্বাস ফেইসবুকে লিখেছেন- “ঘুণেধরা এই সমাজ সংস্কারে সুবিধাবাদী সুশীলের চেয়ে স্পষ্টবাদী রনির প্রয়োজনীয়তা অনেক বেশি।”

অঞ্জন সাহা রানা নামের একজন লিখেছেন- “নুরুল আজিম রনি জেলে! বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হলো!! মারহাবা, মারহাবা !!!”

কক্সবাজারের ছাত্রলীগ নেতা এম কফিল উদ্দিন বাহাদুর লেখেন- “প্রতিবাদী হয়ে রেজাল্ট কি? আদর্শ দিয়ে কাজ কি? উত্তর- নুরুল আজিম রনির মত জেলে যেতে হবে। বাহ !!”