মহিউদ্দিনের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট থাকার ঘোষণা মাহতাবের
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে গিয়ে প্রয়াত সভাপতি মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন মাহতাব উদ্দিন চৌধুরী।
বুধবার চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাহতাব।
সেখানে উপস্থিত নেতাকর্মীরা জাতির জনক ও নগর কমিটির প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আমি আমার প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর উত্তরসূরি হিসেবে চট্টগ্রামের উন্নয়ন এবং গণমানুষের দুর্ভোগ লাঘবে আন্দোলন সংগ্রামে সচেষ্ট থাকব।
“তার স্বপ্ন-সাধনা বাস্তবায়নে দলের সুদৃঢ় ভিত্তি করতে চাই। নিজের মধ্যে যে শক্তি আছে, তাকে আবার জাগ্রত করুন। বিভেদ-বিদ্বেষ ভুলে গিয়ে আসুন আমরা সংগঠনকে ভালোভাসি।”
দলীয় কার্যালয় থেকে বেরিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী তার বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক জহুর আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন।
এরপর একে একে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মান্নান এবং সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক দানুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন, বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানান মাহতাব।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মহিউদ্দিনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন মাহতাব।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও এম এ রশি, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, দেবাশীষ গুহ বুলবুল, আবদুল আহাদ, মানস রক্ষিত ও আবু তাহের।
১৫ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর ২৪ ডিসেম্বর চট্টগ্রাম সফরে এসে মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
বর্তমান নগর কমিটির প্রথম সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী আগের কমিটিতেও সহ-সভাপতি ছিলেন।
১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠক হয়।
সেখানে মহিউদ্দিনের অবর্তমানে প্রথম সহ-সভাপতি হিসেবে মাহতাব উদ্দিনকেই সাংগঠনিক কার্যক্রমে সভাপতিত্ব করার প্রস্তাব করেন মহিউদ্দিনের অনুসারীরা।
শুরুতে সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারীদের এতে দ্বিমত থাকলেও পরে তারা তা মেনে নেন। সেই সিদ্ধান্ত অনুসারে ১৬ ডিসেম্বরে বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহতাব।
