বিষোদগার চাই না: মাহতাব
দায়িত্ব পেয়ে দলের নেতাকর্মীদের পারস্পারিক বিষোদগার না করতে বললেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সোমবার বিকালে নগরীর পল্টন রোডে প্রয়াত জহুর আহমদ চৌধুরীর বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উত্তরসূরি মাহতাব।
তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জহুর আহমদ চৌধুরীর ছেলে।
বর্তমান কমিটিতে প্রথম সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী আগের কমিটিতেও সহ-সভাপতি ছিলেন।
মহিউদ্দিনের মৃত্যুর পর রোববার চট্টগ্রাম সফরের সময় মাহতাবকে সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মাহতাব উদ্দিন চৌধুরী
“সামনে খুব কঠিন সময় আসছে। আমাদের মনে রাখতে হবে, নিজেরা নিজেদের বিরুদ্ধে বিষোদগার না করে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
চট্টগ্রাম নগর আওয়ামী লীগে সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের কোন্দল দলের কেন্দ্রীয় নেতৃত্বেরও মাথাব্যথার কারণ ছিল।
মাহতাব বলেন, “নাশকতার অপরাজনীতির বিরুদ্ধে উদ্দীপনামূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার সময় এসেছে।”
সোমবার দুপুর থেকেই পল্টন রোডের পৈত্রিক বাসভবনে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দেখা করতে আসেন।
নগর কমিটির আরেক সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন সভাপতি বলেছেন তিনি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়।”
“প্রথম সহ-সভাপতি হিসেবে উনাকে সভাপতির দায়িত্ব দেওয়াটা ভালোই হয়েছে। সামনে জাতীয় নির্বাচন আছে। কে হবে না কে হবে এই দ্বন্দ্ব থাকলে মন্দ প্রভাব পড়তে পারত,” বলেন তিনি।
নঈম জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবরে ফুল দিয়ে সম্মান জানানো হবে। এরপর ২ জানুয়ারি সাধারণ সম্পাদক দেশে ফিরলে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ঠিক করা হবে।
ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে দেখা করতে যান সহ-সভাপতি সুনীল সরকার, নগর কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী ও শেখ মাহমুদ ইছহাক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, উপ-দপ্তর সম্পাদক শহিদুল আলম।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ভারপ্রাপ্ত সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়।
গত ১৪ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী মারা যাওয়ার পরদিন তাকে দাফনের পর এক অনানুষ্ঠানিক সভায় প্রথম সহ-সভাপতি হিসেবে মাহতাব চৌধুরীকে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রস্তাব দেন মহিউদ্দিন অনুসারী জ্যেষ্ঠ নেতারা।
ওই বৈঠকে মাহতাবের বিষয়ে সাধারণ সম্পাদক নাছিরের অনুসারীদের দ্বিমত থাকলেও পরে তারা সে প্রস্তাব মেনে নেন।
