বন্দরে নিয়োগে কোনো ‘স্বজনপ্রীতি’ করিনি: শাজাহান খান
চট্টগ্রাম বন্দরে নিয়োগে কোনো ‘স্বজনপ্রীতি’ করেননি বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
‘লস্কর’ পদে নিয়োগ নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা ‘অযাচিত হস্তক্ষেপ’ করছেন বলেও দাবি করেছেন তিনি।
রোববার বন্দর উপদেষ্টা কমিটির দ্বাদশ সভায় বক্তব্য দিতে গিয়ে নিজেই লস্কর নিয়োগের প্রসঙ্গ তুলে অভিযোগের জবাব দেন শাজাহান খান।
সম্প্রতি বন্দরে লস্কর নিয়োগে মন্ত্রীর জেলা মাদারীপুরের প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠার পর তা নিয়ে সংসদেও আলোচনা তোলেন চট্টগ্রামের দুই সংসদ সদস্য।
শাজাহান খান বলেন, “বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যারা কথা বলছেন, তাদের রাজনৈতিক হীন স্বার্থ থাকতে পারে। গত আট বছরে কোনো অসন্তোষ হয়নি।
“তারপরও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে কি না, তা খতিয়ে দেখতে হবে। বুকে হাত দিয়ে বলছি- কোনো স্বজনপ্রীতি করছি না। সবার সাথে আলাপ-আলোচনা করে কাজ করছি।”
নৌমন্ত্রী বলেন, “ইদানিং বলা হচ্ছে আমি নাকি অযাচিত হস্তক্ষেপ করছি। অযাচিত হস্তক্ষেপ কী- আমি বুঝি না। তারাই তো অযাচিত হস্তক্ষেপ করছে।
“আমি আইন মেনে কাজ করছি। প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বলেই চট্টগ্রামে এসে কাজ করছি। কথা বলতে চাইলে এখানে বলেন। কমিটির বাইরে বলবেন না।”
লস্কর নিয়োগের তথ্য তুলে ধরে শাজাহান খান বলেন, “প্রকৃতপক্ষে আমরা লস্কর পদে নিয়োগ দিয়েছি ৮৫ জন। এই ৮৫টি পদের নিয়োগ দিয়েছি ২৬টি জেলার লোকজনের মধ্যে।
ঢাকা বিভাগের ২১১ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩০৫ জন, বৃহত্তর চট্টগ্রামের ৭৭৯ জন, রাজশাহী বিভাগের ১০৯ জন, রংপুর বিভাগের ৩৬ জন, খুলনা বিভাগের ১০১জন, বরিশাল বিভাগের ১২৩ জন এবং সিলেট বিভাগের ১৮ জন নিয়োগ পান বলে হিসাব দেন মন্ত্রী।
তিনি বলেন, “আমি এসে দেখলাম আমাদের এখানে কয়েক হাজার শূন্য পদ রয়েছে। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। জনবল থাকবে না, ইকুইপমেন্ট থাকবে না আপনার বন্দর কোন দিক দিয়ে এগুবে? সেজন্য ইকুইপমেন্ট সংগ্রহ এবং জনবল নিয়োগ করা শুরু করলাম।”
চট্টগ্রামের একজন সংসদ সদস্য লস্কর নিয়োগ নিয়ে জাতীয় সংসদে ভুল তথ্য দিয়েছেন দাবি করে নৌমন্ত্রী বলেন, “আমি নাকি ৯২ জন লস্কর নিয়োগ দিয়েছি। এরমধ্যে ৯০ জন মাদারীপুরের, কেবল দুজন চট্টগ্রামের!
“এতে অনেকে বিভ্রান্ত হয়েছে। আসিফ নজরুলের মতো মানুষ ফেইসবুকে লিখেছেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।”
‘অসত্য’ তথ্য না দিয়ে গঠনমূলক সমালোচনা করতে সবার প্রতি আহ্বান জানান শাজাহান খান।
